ব্যাংকিং খাতে খেলাপি ঋণ ছাড়ালো ৬ লাখ কোটি টাকা

বাংলাদেশ ব্যাংক
বাংলাদেশ ব্যাংক | ছবি: এখন টিভি
0

দেশের ব্যাংকিং খাতে প্রথমবারের মতো ৬ লাখ কোটি টাকা ছাড়িয়ে গেছে খেলাপি ঋণ। মাত্র তিন মাসের ব্যবধানে নতুন করে খেলাপি হয়েছে প্রায় ১৮ হাজার কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিতরণ করা ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। আজ (বুধবার, ২ সেপ্টেম্বর) দুুপরে বাংলাদেশ ব্যাংকের এক সভায় এসব তথ্য দেয়া হয়।

বাংলাদেশ ব্যাংকের সবশেষ তথ্য বলছে, জুন শেষে দেশের ব্যাংকগুলোতে খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৬ লাখ ৬ হাজার ৫৫৫ কোটি টাকায়।

গত মার্চে এ অংক ছিলো ৫ লাখ ৮৮ হাজার ৭০৪ কোটি টাকা। অর্থাৎ মাত্র ৯০ দিনে খেলাপি বেড়েছে ১৭ হাজার ৮৫১ কোটি টাকা। পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে মোট বিতরণ করা ঋণের ৩২ দশমিক ৭৮ শতাংশই খেলাপি।

অর্থাৎ প্রতি ১০০ টাকা ঋণের বিপরীতে প্রায় ৩৩ টাকাই এখন আদায় অযোগ্য৷ বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর অবস্থা সবচেয়ে শোচনীয়, যেখানে খেলাপি ঋণের হার প্রায় ৪৬ শতাংশ। এমন পরিস্থিতিতে খেলাপি ঋণ নিয়ন্ত্রণে ২৯টি ব্যাংককে ছয় মাসের সময়সীমা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। যেসব ব্যাংকের খেলাপি ঋণ ২০ শতাংশের বেশি, তাদের তা কমিয়ে আনার কঠোর নির্দেশ দেয়া হয়েছে।

জেআর