ফেনীতে বাসের ধাক্কায় প্রাণ গেলো অটো রিকশাচালকের

দুর্ঘটনাগ্রস্ত বাস ও অটোরিকশা
দুর্ঘটনাগ্রস্ত বাস ও অটোরিকশা | ছবি: এখন টিভি
0

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের​ফেনীর ছাগলনাইয়ায় বাসের ধাক্কায় সাইফুল ইসলাম (৩২) নামে এক অটো রিকশাচালক নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিচালিত অটোরিকশার এক যাত্রী আহত হয়েছেন।

আজ (বৃহস্পতিবার, ৬ আগস্ট) দুপুরে মহাসড়কের ছাগলনাইয়া উপজেলার নিজকুঞ্জরা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ঘাতক বাসটি জব্দ করেছে।

নিহত সাইফুল ইসলাম ছাগলনাইয়া উপজেলার ছয়ঘরিয়া এলাকার আবদুল হাইয়ের ছেলে। আহত যাত্রীর নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সাইফুল একজন যাত্রী নিয়ে বারৈয়ারহাট থেকে অটোরিকশাযোগে ছাগলনাইয়ার দিকে যাচ্ছিলেন। পথে নিজকুঞ্জরা এলাকায় মহাসড়কে ইউটার্ন নেয়ার সময় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ফেনীগামী স্টারলাইন পরিবহনের একটি বাস অটোরিকশাটিকে সজোরে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক সাইফুলের মৃত্যু হয়। দুর্ঘটনায় সঙ্গে থাকা যাত্রী আহত হন।

আরও পড়ুন:

ফাজিলপুর হাইওয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। স্বজনদের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তরের প্রক্রিয়া চলছে। আহত যাত্রীকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি আরও জানান, ঘটনার পরপরই দুর্ঘটনায় ঘাতক বাসটি জব্দ করে পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। তবে চালক ও হেলপার পালিয়ে গেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়ার প্রক্রিয়া চলছে।

এসএইচ