১৭ বছরের মজলুম এখন জালিম হয়ে উঠেছে: ডা. মাহমুদা মিতু

ডা. মাহমুদা মিতু
ডা. মাহমুদা মিতু | ছবি : সংগৃহীত
0

বিএনপি সরকারের সমালোচনা করে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেছেন, ১৭ বছরের মজলুম এখন জালিম হয়ে উঠেছে। তিনি বলেন, ‘ক্ষমতায় এসেছেন, ৬ মাস বা এক বছর ভালো হওয়ার অভিনয় তো করেন! আপনাদের এতো লোভ, এতো আকাঙ্ক্ষা যে আপনার দল ৬ মাস ভালো হওয়ার অভিনয়ও করতে পারেনি।’

আজ (শনিবার, ১ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সু সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি। জাতীয় নাগরিক পার্টির ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটি এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘তারেক রহমান বলেছিলেন ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করবেন। ঘরে ঘরে চাকরির ব্যবস্থা করেছেন! কীসের চাকরি জানেন? চাঁদাবাজের চাকরি। দলীয়করণ করে ফেলেছে সবকিছু, একই স্টাইলে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘নাসীরকে (নাসীরুদ্দীন পাটওয়ারী) নিয়ে অনেক কথা বলা হয়। নাসীর জুলাইয়ের পর দেখিয়ে দিয়েছে যে অপরাধী তাকে অপরাধী বলা যায়। আপনারা চাঁদাবাজকে চাঁদাবাজ বলতে দেবেন না, খুনিকে খুনি বলতে দেবেন না; চোখ তোলা ছাত্রদলকে চোখ তোলা ছাত্রদল বলতে দেবেন না- এটা তো হবে না।’

তিনি বলেন, ‘আপনাদের সঙ্গে আমাদের ব্যক্তিগত কোনো লড়াই নেই। আপনাদের সাথে আমাদের লড়াই শহিদের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লড়াই, একটা ভালো রাষ্ট্র উপহার দেয়ার লড়াই, হাজার হাজার বেকার ভাইদের হাতে একটা চাকরি তুলে দেয়ার লড়াই, নারীর সম্মানের লড়াই।’

জেলা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন শহীদ জাবির ইব্রাহিমের মা ও সংসদ সদস্য রোকেয়া বেগম, এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক এবং সাংগঠনিক সম্পাদক মো. আতাউল্লাহ।

এফএস