নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা

সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটোয়ারী
সারজিস আলম ও নাসীরুদ্দীন পাটোয়ারী | ছবি: এখন টিভি
0

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী ও উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ দলটির ১০ নেতার বিরুদ্ধে হত্যাচেষ্টা, মারধর, ভাঙচুর ও ছিনতাইয়ের অভিযোগে মামলা দায়ের হয়েছে।

গতকাল (বৃহস্পতিবার, ৩০ জুলাই) রাত ১০টার দিকে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলার এজাহার দাখিল করেন জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন রুকন।

মামলায় এনসিপির কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, সারজিস আলম, স্থানীয় এনসিপি নেতা আবু হেনা মোস্তফা কামাল, মাহবুবুল বারী চৌধুরী মুবিন, নুর আলম চৌধুরী, ফখরুল জাকির, আ. হাই কামাল, রুহাম গাজী, নাহিদ উদ্দিন তারেক ও ওয়াদুদ মাহমুদ চৌধুরী। ১০ নেতার নাম উল্লেখের পাশাপাশি অজ্ঞাতপরিচয় আরও ৪০ থেকে ৫০ জনকে আসামি করা হয়েছে।

এজাহারে উল্লেখ করা হয়, গত ২৮ জুলাই বিকেলে হবিগঞ্জ শহরের কোর্ট মসজিদ এলাকায় কেন্দ্রীয় ছাত্রদলের কর্মসূচিতে অংশ নিতে জড়ো হওয়া নেতাকর্মীদের ওপর দেশিয় অস্ত্র নিয়ে হামলা চালান এনসিপির নেতাকর্মীরা। হামলায় জেলা ছাত্রদলের নেতা মাহফুজ চৌধুরী, মোজাক্কির হোসেন ইমনসহ কয়েকজন আহত হন। এসময় কয়েকটি আইফোন, একটি স্যামসাং মোবাইল ফোন এবং নগদ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়।

পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে অভিযুক্তরা সরে যান এবং আহতদের হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ‘ছাত্রদল নেতা বাদী হয়ে এনসিপির নেতাদের বিরুদ্ধে একটি অভিযোগ দিয়েছেন। আমরা অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো।’

এসএস