সিংগাইরে ট্রাক-সিএনজির সংঘর্ষে নিহত ১

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজি
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত সিএনজি | ছবি: এখন টিভি
0

মানিকগঞ্জের সিংগাইর-হেমায়েতপুর আঞ্চলিক মহাসড়কে ট্রাক ও সিএনজির সংঘর্ষে এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুইজন।

আজ (মঙ্গলবার, ২১ জুলাই) সকাল ৮টার দিকে সিংগাইর উপজেলার ধল্লা ইউনিয়নের মেদুলিয়া ডাবল ব্রিজ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানাতে পারেনি পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মেদুলিয়া ডাবল ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে একটি সিএনজির সংঘর্ষ হয়। সংঘর্ষে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই এক যাত্রীর মৃত্যু হয়। এছাড়া আরও দুই যাত্রী গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সিংগাইর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। দুর্ঘটনার পরপরই ট্রাকটি ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম জানান, দুর্ঘটনার পর ট্রাকটি পালিয়ে গেছে। ট্রাকটি শনাক্ত ও আটকের চেষ্টা চলছে। নিহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।

এএইচ