ফেনীতে পরিবেশ দূষণ ও ফসলি জমির ক্ষতিতে ৩ ইটভাটাকে ১৫ লাখ টাকা জরিমানা

ফেনীর একটি ইটভাটা
ফেনীর একটি ইটভাটা | ছবি : এখন টিভি
0

পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ব্যবসা পরিচালনা ও ফসলি জমির উপরি ভাগের উর্বর মাটি (টপসয়েল) কেটে নষ্ট করার অপরাধে ফেনীর ছাগলনাইয়া উপজেলার তিনটি ইটভাটাকে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ (সোমবার, ১৩ জুলাই) দুপুরে পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রাম অঞ্চল কার্যালয়ে এক শুনানির মাধ্যমে এ রায় প্রদান করেন কার্যালয়ের পরিচালক জমির উদ্দিন।

দণ্ডিত প্রতিষ্ঠানগুলো হলো; ছাগলনাইয়া উপজেলার মেসার্স সততা ব্রিকস, মেসার্স জামাল ব্রিকস ও মেসার্স কামাল ব্রিকস। অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিটি ইটভাটাকে ৫ লাখ টাকা করে মোট ১৫ লাখ টাকা ক্ষতিপূরণ বাবদ জরিমানা করা হয়।

আরও পড়ুন:

​পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা গেছে, ছাড়পত্রহীনভাবে ইটভাটা পরিচালনা ও অবৈধভাবে ফসলি জমির মাটি কাটার অভিযোগে ফেনী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত বাদী হয়ে চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ওই তিনটি ইটভাটার বিরুদ্ধে পৃথক তিনটি এনফোর্সমেন্ট মামলা দায়ের করেছিলেন। আজ চট্টগ্রাম আঞ্চলিক কার্যালয়ে ইটভাটা মালিকদের উপস্থিতিতে শুনানি শেষে এ দণ্ডাদেশ দেয়া হয়।

ফেনী পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শাওন শওকত বিষয়টি নিশ্চিত করে জানান, ফসলি জমি ও পরিবেশের ক্ষতিপূরণ বাবদ এ জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ নির্দিষ্ট সময়ের মধ্যে কয়েকটি ধাপে সরকারি কোষাগারে জমা দেওয়ার জন্য ইটভাটা মালিকদের নির্দেশ দেয়া হয়েছে।

পরিবেশ সুরক্ষায় ও অবৈধ ইটভাটার বিরুদ্ধে এমন অভিযান আগামীতেও অব্যাহত থাকবে বলে তিনি জানান।

এফএস