জমানো টাকাই কাল হলো বাকপ্রতিবন্ধী বুবির; মৃত্যুর পরও অধরা ঘাতকেরা

নিহত বাকপ্রতিবন্ধী বুবি
নিহত বাকপ্রতিবন্ধী বুবি | ছবি: সংগৃহীত
1

নরসিংদীর রায়পুরা রেলওয়ে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে মারধরের শিকার হয়ে ৭০ বছর বয়সী বাকপ্রতিবন্ধী পরিচ্ছন্নতাকর্মী ববি বেগম ওরফে বুবির মৃত্যুর ঘটনায় এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। কারা এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িত, তাদের কোনো স্পষ্ট পরিচয়ও মেলেনি এখনো।

গতকাল (বুধবার, ৮ জুলাই) দিবাগত রাতে ময়নাতদন্ত শেষে নিহত ওই বৃদ্ধাকে রায়পুরায় দাফন করা হয়েছে। তবে আজ (বৃহস্পতিবার, ৯ জুলাই) দুপুর পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা যায়নি বলে নিশ্চিত করেছেন ভৈরব রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদ আহমেদ।

ভৈরব রেলওয়ে থানার ওসি সাইদ আহমেদ জানান, মারধরের ঘটনার পরই রায়পুরা রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার বাদী হয়ে অজ্ঞাতনামা ২-৩ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করছে পুলিশ, কিন্তু এখনো পর্যন্ত কাউকে ধরা সম্ভব হয়নি। দুর্বৃত্তদের লুট করে নিয়ে যাওয়া বুবির জমানো টাকাও উদ্ধার করা যায়নি বলে জানান তিনি।

স্টেশন কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত দুই যুগেরও বেশি সময় ধরে রায়পুরা রেলওয়ে স্টেশনে বসবাস করছিলেন বাকপ্রতিবন্ধী ববি বেগম (৭০)। কোনো বেতন ছাড়াই মানবিক টানে প্ল্যাটফর্ম ঝাড়ু দেয়া, শৌচাগার পরিষ্কারসহ নানা পরিচ্ছন্নতার কাজ করতেন তিনি। বয়সের ভারে ন্যুব্জ এই নারীকে স্টেশনের একটি পরিত্যক্ত কক্ষে থাকার ব্যবস্থা করে দিয়েছিল কর্তৃপক্ষ।

স্টেশন ও আশপাশের মানুষ এবং নিয়মিত যাত্রীরা ববি বেগমকে চিনতেন ও ভালোবাসতেন। অনেকেই তাকে খাবার দিতেন, কেউবা ১০-৫ টাকা করে আর্থিক সহায়তা করতেন। অভাবের মাঝেও সেই টাকা খরচ না করে দীর্ঘ ২ যুগ ধরে জমিয়েছিলেন ববি। কিন্তু শেষ পর্যন্ত সেই জমানো টাকাই কাল হলো তার।

গত শনিবার (৪ জুলাই) দিবাগত রাতে স্টেশনের ওই পরিত্যক্ত কক্ষে ঢুকে একদল দুর্বৃত্ত ববি বেগমের ওপর চড়াও হয়। রায়পুরা স্টেশন কর্তৃপক্ষের ভাষ্যমতে, বৃদ্ধার চোখ ও মুখে নির্মমভাবে কিল-ঘুসি মেরে গুরুতর আহত করে তার সারাজীবনের জমানো সব টাকা লুট করে নিয়ে যায় ঘাতকেরা।

শনিবার রাতে গুরুতর আহত অবস্থায় স্টেশনের কর্মীরা ববিকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে আবার স্টেশনে ফিরিয়ে আনা হয়। এরপর কয়েকদিন কিছুটা স্থিতিশীল থাকলেও গত মঙ্গলবার দিবাগত রাতে হঠাৎ তার শারীরিক অবস্থার চরম অবনতি হয়।

তাকে দ্রুত আবারও রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য নরসিংদী সদর হাসপাতালে রেফার্ড করেন। তবে নরসিংদী হাসপাতালে পৌঁছানোর আগেই অ্যাম্বুলেন্সেই শেষ নিশ্বাস ত্যাগ করেন এই বৃদ্ধা।

গতকাল বুধবার ময়নাতদন্তের প্রক্রিয়া শেষ হওয়ার পর সন্ধ্যার দিকে রায়পুরায় বাকপ্রতিবন্ধী বুবি বেগমকে দাফন করা হয়। দুই যুগ ধরে স্টেশনের সবাইকে আপন করে নেয়া এই বৃদ্ধার এমন নির্মম পরিণতিতে পুরো নরসিংদী জেলাজুড়ে বইছে শোকের মাতম। এদিকে ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর খুনিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফুঁসে উঠেছে পুরো নেট দুনিয়া।

এনএইচ