‘ট্রান্সফার-বদলে আমি বিশ্বাস করিনা, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত’

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন | ছবি: এখন টিভি
0

স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন এমপি বলেছেন, যেখানে অবহেলা-দুর্নীতি সেখানেই চাকরিচ্যুত। ট্রান্সফার বা বদলে আমি বিশ্বাস করিনা। আজ (শনিবার, ৪ জুলাই) দুপুরে নরসিংদীর শিশু একাডেমি মিলনায়তনে আয়োজিত নরসিংদী ডায়াবেটিক সমিতির ৩১তম বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘কাজ করতে হবে সততার সঙ্গে। দুর্নীতি ঘুষ বাণিজ্য বন্ধ করতে হবে। এটাকে আমরা কোনো প্রশ্রয় দিব না।’

মন্ত্রী বলেন, ‘দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার ডায়ালাইসিস সেন্টার করা হবে। ইউনিয়নের কমিউনিটি ক্লিনিকগুলোকে সংস্কারের মাধ্যমে নতুন ভাবে সাজিয়ে আরো ডাক্তার এবং স্বাস্থ্যকর্মী নিয়োগ করা হবে। ফ্যামিলি প্লানিং সেন্টারগুলোকে উন্নত করা হবে। স্বাস্থ্যখাতে এ বছরেই একটা বিপ্লবের সূচনা করতে চাচ্ছি আমরা। প্রতিটা ক্ষেত্রে আমরা নতুন নতুন কর্মসূচি হাতে নিচ্ছি। যাতে করে জনগণের উন্নয়ন করা যায়। যাতে করে বাংলাদেশকে বিশ্ব মানচিত্রে মাথা উঁচু করে দাঁড় করানো যায়। আমাদের এবারের বাজেট কোনো টাকার বাজে না আদর্শের বাজেট। প্রতিটি আদর্শকে দুর্নীতি মুক্তভাবে বাস্তবায়ন করা হবে।’

নরসিংদীর জেলা প্রশাসক ও ডায়াবেটিক সমিতির সভাপতি ইসরাত জাহান কেয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন নরসিংদী সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য মঞ্জুর এলাহী, নরসিংদী-৫ রায়পুরা আসনের সংসদ সদস্য আশরাফ উদ্দিন বকুল, জেলা পরিষদের চেয়ারম্যান তোফাজ্জল হোসেন প্রমুখ। অন্যান্য আমন্ত্রিত অতিথিবৃন্দসহ নরসিংদী ডায়াবেটিক সমিতির সদস্যরা অংশ নেন।

এএইচ