এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের বেশ কয়েকটি দোকানপাট ও ঘরবাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুচপাট করা হয়েছে বলেও অভিযোগ উঠেছে। এছাড়া সংঘর্ষের কারণে সরাইল-নাসিরনগর-লাখাই সড়কে যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
আরও পড়ুন:
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের মো. খাদিমের কাছে সুদের এক লক্ষ টাকা পাবেন বলে দাবি করেন। তবে খাদিম টাকা দিতে অস্বীকৃতি জানালে গত রোববার (২৮ জুন) রাতে দুই পক্ষের হয়ে দুই গ্রামবাসী সংঘর্ষে জড়ায়। এতে খাদিম নিহত হন।
পরে গতকাল (সোমবার, ২৯ জুন) বিকেলে খাদিমের জানাজার নামাজের পরে আবারও সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হন।
এরপর আজ সকালে তৃতীয় দিনের মতো ফের দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুই গ্রামবাসী। সরাইল থানার ওসি জানান, থেমে থেমে সংঘর্ষ চলছে। পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।





