বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেলে কক্সবাজার ব্যাটালিয়নের অধীনস্থ রেজুপাড়া বিওপির একটি টহলদল উখিয়া উপজেলার বালুছড়া পাতাবাড়ি গ্রামের হোসেন আলীর বাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে হোসেন আলীর ছেলে মো. মিজানুর রহমানকে ১ লাখ পিস বার্মিজ ইয়াবাসহ আটক করা হয়।
এ ঘটনায় হোসেন আলী, তার অপর ছেলে তারেক হোসেন, রামু উপজেলার পূর্বগোয়ালিয়া পাড়া গ্রামের মির আহমদের ছেলে কামাল উদ্দিন ওরফে ‘সাইত্রিশ কামাল’ এবং উখিয়ার পাতাবাড়ি গ্রামের আলী খলিবার ছেলে মনজুর খলিবা পালিয়ে যান। তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উদ্ধার হওয়া ইয়াবাসহ তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রমও প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে বিজিবি।
কক্সবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম খায়রুল আলম বলেন, বিজিবি শুধু সীমান্ত পাহারাতেই নয়, বরং মাদক ও চোরাচালান প্রতিরোধেও সমানভাবে প্রতিশ্রুতিবদ্ধ। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।





