লালমোহনে ব্রিজ ভেঙে খাদে পড়লো ট্রাক, নিহত চালক

ভেঙে পড়া ব্রিজের ছবি
ভেঙে পড়া ব্রিজের ছবি | ছবি: এখন টিভি
0

ভোলার লালমোহন উপজেলায় খালের ওপর নির্মিত একটি আয়রন ব্রিজ ভেঙে মালবাহী ট্রাক খাদে পড়ে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় ট্রাকের হেলপার গুরুতর আহত হয়েছেন।

আজ (মঙ্গলবার, ২৩ জুন) উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চতলা বাজারের পূর্ব পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাঈম (২৫) চতলা এলাকার বাসিন্দা। তিনি ফরিদ মিয়ার ছেলে। আহত আল আমিন (১৪) বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মালবাহী ট্রাকটি চতলা বাজার সংলগ্ন খালের ওপর নির্মিত আয়রন ব্রিজ পার হওয়ার সময় হঠাৎ ব্রিজটির পূর্ব পাশ ধসে পড়ে। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে নিচে খাদে পড়ে যায়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গে স্থানীয় লোকজন উদ্ধারকাজে এগিয়ে এসে ট্রাকের চালক ও হেলপারকে উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

আরও পড়ুন:

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অপরদিকে গুরুতর আহত আল আমিনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা প্রদান শেষে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহতের স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও বাড়ির পরিবেশ ভারী হয়ে ওঠে।

স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে ব্রিজটি ঝুঁকিপূর্ণ অবস্থায় ছিলো। বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একাধিকবার জানানো হলেও কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হয়নি। তারা দ্রুত ব্রিজটি পুনর্নির্মাণ এবং এলাকায় নিরাপদ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানান।

এসএইচ