গতকাল (রোববার, ৩১ মে) দিবাগত রাত থেকে বেনাপোলের বিপরীতে ভারতের হরিদাসপুর সীমান্ত এলাকায় শতাধিক ব্যক্তিকে নিয়ে অবস্থান নেয় বিএসএফ। পরে তাদের বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হলে বিজিবি সেখানে বাধা দেয়। এতে কেউ বাংলাদেশে ঢুকতে পারেনি।
সীমান্ত সূত্র জানায়, যাদের বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে তাদের অনেকেই ভারতে জন্মগ্রহণ করেছেন। দীর্ঘদিন ধরে সেখানে বসবাস করে আসছেন। তাদের নাগরিকত্ব ও পরিচয় যাচাই ছাড়াই সীমান্ত দিয়ে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে।
আরও পড়ুন:
এ ঘটনায় সীমান্তের উভয়পাশে সতর্ক অবস্থানে রয়েছে বিজিবি ও বিএসএফ। বেনাপোল সীমান্তজুড়ে অতিরিক্ত নজরদারি জোরদার করা হয়েছে। পরিস্থিতি ঘিরে স্থানীয়দের মধ্যেও উদ্বেগ দেখা দিয়েছে।
যশোর ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান জানান, বিএসএফ ৩টি ট্রাকে আনুমানিক ১০০ থেকে ১২০ জনের মতো লোক এনে গতকাল রাতে সীমান্তে জড়ো করেছে। তবে যাতে কোনোভাবে তারা অবৈধভাবে ঢোকাতে না পারে, সেজন্য বিজিবি সদস্যরা তাদের তৎপরতা বাড়িয়েছে। এখনও পর্যন্ত ওপার থেকে কোনো মানুষ অবৈধভাবে এপারে ঢুকতে পারেনি।





