টার্মিনালের কাজ শেষে চাঁদপুর নদীবন্দরের হারানো ঐতিহ্য ফিরবে: নৌপরিবহন প্রতিমন্ত্রী

চাঁদপুর নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী
চাঁদপুর নদীবন্দর পরিদর্শনে নৌপরিবহন প্রতিমন্ত্রী | ছবি: সংগৃহীত
0

বন্ধ থাকা চাঁদপুর নৌ-টার্মিনালের অবশিষ্ট কাজ নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে দ্রুত সম্পন্ন করা হবে বলে আশ্বস্ত করেছেন নৌপরিবহন প্রতিমন্ত্রী মো. রাজিব আহসান। তিনি বলেছেন, কিছু অংশের কাজ সম্পন্ন হলেও ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে। টার্মিনালের কাজ শেষ হলে চাঁদপুর নদীবন্দর তার হারানো ঐতিহ্য ও গুরুত্ব পুনরুদ্ধার করবে।

আজ (রোববার, ৩১ মে) দুপুরে চাঁদপুর নদীবন্দর পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নৌপথে যাত্রীদের নিরাপদ, স্বস্তিদায়ক ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ঈদ শেষে কর্মস্থলে ফেরা যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন করতে দেশের গুরুত্বপূর্ণ ফেরিঘাট ও নদীবন্দরগুলোতে সার্বক্ষণিক পর্যবেক্ষণ অব্যাহত রয়েছে।’

তিনি বলেন, ‘বড় বড় সব ঘাটে নিবিড়ভাবে নজরদারি করা হচ্ছে, যাতে যাত্রীদের কোনো ধরনের ভোগান্তির মুখোমুখি হতে না হয়। ঘাট ও নৌপথে বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করে দ্রুত সমাধানের উদ্যোগ নেয়া হয়েছে।’

নৌ টার্মিনালের নির্মাণকাজ প্রসঙ্গে মো. রাজিব আহসান বলেন, ‘টার্মিনালের কিছু অংশের কাজ সম্পন্ন হলেও ৫ আগস্ট-পরবর্তী সময়ে ঠিকাদারি প্রতিষ্ঠান কাজ বন্ধ রেখেছে। ফলে নতুন ঠিকাদার নিয়োগের মাধ্যমে অবশিষ্ট কাজ দ্রুত সম্পন্ন করা হবে। টার্মিনালের কাজ শেষ হলে চাঁদপুর নদী বন্দর তার হারানো ঐতিহ্য ও গুরুত্ব পুনরুদ্ধার করবে।’

আরও পড়ুন:

নৌপথে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করে প্রতিমন্ত্রী বলেন, ‘নৌপথ সচল ও নিরাপদ রাখতে প্রয়োজনীয় ড্রেজিং কার্যক্রম জোরদার করা হবে। একইসঙ্গে দেশের নৌবন্দরগুলোকে আধুনিক ও যুগোপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে সরকার পরিকল্পিতভাবে কাজ করছে।’

তিনি বলেন, ‘পন্টুন আধুনিকায়ন, নিয়মিত ড্রেজিং এবং নৌ অবকাঠামোর উন্নয়নের মাধ্যমে নৌপথকে আরও কার্যকর ও যাত্রীবান্ধব করা হবে। নৌপথের সেই ঐতিহ্য ও জনপ্রিয়তা ফিরিয়ে আনতে সরকার বদ্ধপরিকর। সময়ের সঙ্গে তাল মিলিয়ে উচ্চগতির ও আধুনিক নৌযান পরিচালনার ক্ষেত্রেও প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হচ্ছে।’

পরিদর্শনকালে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, চাঁদপুর জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সেলিম উল্লাহ সেলিমসহ মন্ত্রণালয়, দপ্তর ও সংস্থার সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এসএইচ