ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহন ‘বন্ধ’

‘সেলফি’ পরিবহনের একটি বাস
‘সেলফি’ পরিবহনের একটি বাস | ছবি: সংগৃহীত
0

মানিকগঞ্জের ঢাকা-আরিচা মহাসড়কে সেলফি পরিবহনের বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। পরিবহনটির বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর থাকবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা।

আজ (বৃহস্পতিবার, ২২ অক্টোবর) সকাল পোনে দশটার দিকে শিবালয় উপজেলার বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের দুই যাত্রী নিহত হওয়ার পর মহাসড়ক অবরোধ করেন।

পরে দুপুর সোয়া ১২ টার দিকে জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা ভিডিও কলে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে অভিযোগ নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এ পথে সেলফি পরিবহন চলাচল বন্ধ রাখার কথা জানান। এরপর আন্দোলনকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক থেকে অবরোধ তুলে নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি পীযূষ ফাইটার।

এর আগে বৃহস্পতিবার সকাল পৌনে ১০টার দিকে বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় সেলফি পরিবহনের একটি বাসের সঙ্গে ব্যাটারিচালিত ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকের দুই যাত্রী ইয়াসিন (২২) ও বাবলু (২৮) ঘটনাস্থলেই নিহত হন। তারা দুজনই ঘিওর উপজেলার মৌহালী গ্রামের বাসিন্দা। এ ঘটনায় ইজিবাইকের চালক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের বাসটি পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে ইজিবাইকটি মৌহালী থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসটি ইজিবাইকটিকে ধাক্কা দিলে হতাহতের ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন ও আন্দোলনকারীরা ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে সেলফি পরিবহনের চলাচল বন্ধের দাবি জানান। পরে জেলা প্রশাসকের আশ্বাসের পরিপ্রেক্ষিতে তারা অবরোধ প্রত্যাহার করেন।

বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এফএস