গতকাল (বৃহস্পতিবার, ২১ মে) রাত ১০টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা এলাকার হাজী আশরাফ আলী অ্যান্ড সন্স ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
আহত পর্যটকরা জানান, রাতে দুটি মোটরসাইকেলে করে কয়েকজন পর্যটক ওই ফিলিং স্টেশনে তেল নিতে যান। এসময় মোটরসাইকেলে নির্ধারিত পরিমাণের তুলনায় কম-বেশি তেল দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলে কর্মচারীদের সঙ্গে তাদের কথাকাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে তা বাগবিতণ্ডায় রূপ নেয়।
আরও পড়ুন:
পর্যটকদের দাবি, পরে পাম্পের কয়েকজন কর্মচারী ও মালিকপক্ষের লোকজন একত্র হয়ে তাদের ওপর হামলা চালায়। এতে তিনজন পর্যটক গুরুতর আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গেলে স্থানীয় একজনও আহত হন। পরে আহতদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসা নেয়া হয়।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয়রা বিষয়টি মীমাংসার চেষ্টা করলেও উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে দোষারোপ করছেন।
তবে এ বিষয়ে ফিলিং স্টেশন কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
কক্সবাজার সদর মডেল থানা পুলিশ জানিয়েছে, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




