দুপুর দেড়টার দিতে আমিনুরের মরদেহ নিয়ে লোকালয়ে ফিরেছে তার সহকর্মীরা। নিহত আমিনুর রহমান গাজী সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা ইউনিয়নের ৯নং সোরা গ্রামের মৃত আকছেদ গাজীর ছেলে।
আমিনুরের সহকর্মী আহাম্মাদ আলী, সেলিম ও রমজানের বরাত দিয়ে স্থানীয়রা জানান, তারা চারজন গত ১৩ মে সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নিয়ে কাঁকড়া আহরণে সুন্দরবনে প্রবেশ করেন। গতকাল রাতে তারা যখন ঘুমিয়ে পড়েন তখন তাদের নৌকা বাতাসের কারণে নদী পার হয়ে অভয়ারণ্য এলাকায় চলে যায়।
আজ সকাল ৭টার দিকে সেখান থেকে ফেরার সময় বনবিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা তাদের আটক করে। এসময় নৌকা আটক রেখে তাদের বনের মধ্য রেখে যেতে চায় স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা। এসময় জেলেরা নৌকা না দিয়ে চলে আসার সময় নলিয়ান স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক তাদের দিয়ে লক্ষ্য করে গুলি ছোড়ে।
এতে আমিনুর রহমান গাজী গুলিবিদ্ধ হন। গুলিবিদ্ধ হওয়ার পর আমিনুর রহমান গাজীকে কোনো চিকিৎসা বা উদ্ধার না করে সেখানে ফেলে রেখে স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা। পরে তার সঙ্গে থাকা জেলেরা তাকে উদ্ধার করে ফেরার পথে তার মৃত্যু হয়।
বনবিভাগের সাতক্ষীরা রেঞ্জের বুড়িগোয়ালিনী স্টেশনের স্টেশন কর্মকর্তা ফজলুল হক জানান, এ বিষয়ে তাদের বন বিভাগের স্মার্ট পেট্রোলিং টিমের সদস্যরা এখনো কিছু জানায়নি। তবে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এ বিষয়ে জানানো হয়েছে বলে নিশ্চিত করেন তিনি।
গাবুরা ইউপি চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুরের মৃত্যুর ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। বিষয়টি ইউএনও, জেলা প্রশাসক ও ডিএফওকে জানানো হয়েছে। মরদেহ নিয়ে পরিবারটি এখন কি করবে, তা নিয়ে প্রশাসনের সিদ্ধান্তের অপেক্ষায় আছে।
এদিকে, বনবিভাগের সদস্যদের গুলিতে আমিনুর রহমান গাজীর মৃত্যুর ঘটনায় স্থানীয় জেলেদের মধ্যে ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে। বিক্ষুব্ধ জেলে ও স্থানীয় বাসিন্দারা বনবিভাগের অফিস ঘেরাওয়ের ঘোষণা দিয়েছে।





