নিজের নামে ‘কটূক্তিকারীকেই’ জামিন করালেন প্রতিমন্ত্রী

নিশাত ও তার পরিবার
নিশাত ও তার পরিবার | ছবি: এখন টিভি
0

নিজের নামে ‘কটূক্তিকারী’ কলেজছাত্র নিশাত ইসলামকে গ্রেপ্তারের এক দিন পরেই জামিন করিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ও বিএনপির কেন্দ্রীয় পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ। গতকাল (রোববার, ২৭ এপ্রিল) বিকেলে শিশু আদালতের বিচারক হুসাইন মুহাম্মদ ফজলুল বারী চার্জশিট দাখিল পর্যন্ত তার জামিন মঞ্জুর করেন। প্রতিমন্ত্রীর এ উদারতায় খুশি নিশাত ও তার পরিবার।

রোববার সন্ধ্যা সাড়ে ৭টায় কারাগার থেকে নিশাতকে নিয়ে বাড়ি ফেরেন তার বাবা। তবে মামলাটি সমঝোতায় নিষ্পত্তিযোগ্য না হওয়ায় আইনি প্রক্রিয়ার মাধ্যমেই শেষ হবে বলে জানিয়েছেন আইনজীবীরা। নিশাত দেবীগঞ্জ উপজেলার হাজীপাড়া এলাকার আশরাফুল ইসলামের ছেলে।

গত ২৪ এপ্রিল নিজের ফেসবুক প্রোফাইলে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদের একটি বক্তব্য শেয়ার করে ওই কলেজছাত্র লেখেন, ‘গাঞ্জা খেয়ে পার্লামেন্টে বক্তব্য দিতে গেলে যা হয়। এই গাঁজাখোর নাকি আমাদের এলাকার এমপি।’

বিষয়টি সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে তা বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি করে। তারা বিষয়টি পুলিশকে জানালে, পুলিশ বাড়ি থেকে নিশাতকে গ্রেপ্তার করে।

আরও পড়ুন:

তার বিরুদ্ধে থানায় মামলা করেন দেবীগঞ্জ ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুস সালাম। পরে ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

ঘটনাটি মিডিয়ার মাধ্যমে জানতে পারেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। একইসঙ্গে জানতে পারেন অভিযুক্ত অপ্রাপ্ত বয়স্ক কলেজছাত্র। সেজন্য তিনি তার জামিনের জন্য মামলার বাদী, নিশাতের বাবার ও আইনজীবীদের সঙ্গে কথা বলেন এবং দ্রুত তার জামিনের ব্যবস্থা করেন।

নিশাত ইসলাম বলেন, ‘মানুষ মাত্রই ভুল করে, আমিও করেছি। জামিন হওয়ায় ভালো লাগছে।’

নিশাতের বাবা আশরাফুল ইসলাম বলেন, ‘আমার ছেলে না বুঝে ভুল করেছিল। এ ভুলের ক্ষমা হয় না। কিন্তু প্রতিমন্ত্রী নিজে আমার ছেলেকে জামিনের ব্যবস্থা করেছেন। আমরা তার কাছে চিরকৃতজ্ঞ।’

পঞ্চগড় আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী খলিলুর রহমান বলেন, ‘এই কলেজছাত্রের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছিল। প্রতিমন্ত্রী জানার পর তিনি নিজেই তার জামিনের ব্যবস্থা করেছেন। তবে এ মামলা আপসযোগ্য না হওয়ায় আইনি প্রক্রিয়ার মাধ্যমে শেষ হবে। এখানে বাদী চাইলেই আপস করতে পারবে না।’

এসএস