নিহত রাসেল সদর উপজেলার মারিয়া ইউনিয়নের সল্পমারিয়া এলাকার মানিক মিয়ার ছেলে। আহত চার শ্রমিককে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, বিসিক শিল্পনগরীর প্রধান ফটকের ওপরের অংশে ঢালাইয়ের কাজ চলছিল। সন্ধ্যার দিকে ঢালাই শেষ হওয়ার পরপরই ফটকের একটি অংশ ধসে পড়ে। এতে সেখানে কর্মরত পাঁচ শ্রমিক চাপা পড়েন।
দুর্ঘটনার পরপরই স্থানীয় লোকজন উদ্ধার কাজ শুরু করে চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠান। খবর পেয়ে কিশোরগঞ্জ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়।
পরে ধ্বংসস্তূপের নিচ থেকে রাসেলকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
নির্মাণ শ্রমিক খোকন মিয়া বলেন, ‘ফটকের ওপর ঢালাই দেয়ার সময় হঠাৎ ভেঙে পড়ে। আমরা কেউ বুঝে ওঠার আগেই কয়েকজন চাপা পড়ে যাই।’
ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মোহাম্মদ আবু খালিদ জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে তারা অ্যাম্বুলেন্সসহ ঘটনাস্থলে পৌঁছান। স্থানীয়দের সহায়তায় উদ্ধার কাজ পরিচালনা করা হয়। ধ্বংসস্তূপ সরিয়ে আর কেউ আটকা আছে কি না তা নিশ্চিত হওয়ার পর উদ্ধার অভিযান সমাপ্ত করা হয়।
বিসিকের সহকারী মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) আসাদুজ্জামান আল ফারুক বলেন, ‘ঝড়-বৃষ্টির কারণে ঢালাই কাজ না করার জন্য আমাদের পক্ষ থেকে বলা হয়েছিলো। কিন্তু তা না মেনেই কাজ চালানো হয়। বিষয়টি ঠিকাদারকে জানানো হয়েছে এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হবে।’
এদিকে শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত না করে নির্মাণ কাজ পরিচালনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। তাদের দাবি, মানহীন নিম্নমানের কাজ করার কারণে এ দুর্ঘটনা। দ্রুত তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার আহ্বানও জানান তারা।





