যাত্রীবাহী লঞ্চে অসুস্থ শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা সহায়তা

অসুস্থ শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা
অসুস্থ শিশুকে কোস্ট গার্ডের জরুরি চিকিৎসা | ছবি: এখন টিভি
4

মুন্সিগঞ্জের নদীপথে চলাচলরত একটি যাত্রীবাহী লঞ্চে অসুস্থ হয়ে পড়া দুই বছর বয়সী এক শিশুকে জরুরি চিকিৎসা সেবা প্রদান করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। আজ (রোববার, ২৬ এপ্রিল) বিকেলে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে তিনি জানান, সকালে ভোলা থেকে ঢাকার উদ্দেশে ‘এমভি সম্পদ’ নামের একটি লঞ্চে এক ব্যক্তি তার অসুস্থ শিশুকে নিয়ে রওনা হন। বেলা প্রায় ১২টার দিকে লঞ্চটি চাঁদপুর সংলগ্ন এলাকায় পৌঁছালে শিশুটির শারীরিক অবস্থার হঠাৎ অবনতি ঘটে। এ অবস্থায় শিশুটির পিতা কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ যোগাযোগ করেন।

আরও পড়ুন:

খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন পাগলা থেকে একটি মেডিক্যাল টিম দ্রুত হাই-স্পিড বোটে করে ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করে। পরবর্তীতে শিশুটির উন্নত চিকিৎসা নিশ্চিত করতে দ্রুত কোস্ট গার্ডের বোটযোগে তাকে সদরঘাটে আনা হয়। সেখান থেকে সিভিল যানবাহনের মাধ্যমে শিশুটিকে মায়ের সঙ্গে শ্যামলীর মা ও শিশু হাসপাতালে পৌঁছে দেয়া হয়।

বাংলাদেশ কোস্ট গার্ড জানিয়েছে, নদীপথে যাত্রীদের জরুরি সেবায় তারা সর্বদা প্রস্তুত রয়েছে।

এফএস