আজ (রোববার, ২৬ এপ্রিল) সকালে নগরীর কুমারপাড়া এলাকার গুল গফুর পেট্রোলিয়াম ফিলিং স্টেশনে গিয়ে দেখা যায়, তেল সংগ্রহের জন্য যানবাহনের সারি প্রায় দেড় কিলোমিটার ছাড়িয়ে গেছে।
তেল দেয়ার ক্ষেত্রে এবার পাম্প কর্তৃপক্ষ ও প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে। এখন থেকে তেল নিতে হলে গ্রাহকদের বাধ্যতামূলকভাবে ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির বৈধ কাগজপত্র প্রদর্শন করতে হচ্ছে। পাশাপাশি সরকারি অ্যাপসে আগেই রেজিস্ট্রেশন করা না থাকলে তেল মিলছে না।
আরও পড়ুন:
সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন মোটরসাইকেল চালকরা। তাদের অভিযোগ, দীর্ঘক্ষণ অপেক্ষার পরও চাহিদার তুলনায় কম পরিমাণ জ্বালানি দেয়া হচ্ছে। এদিকে, সাধারণ গ্রাহকরা লাইনে দাঁড়িয়ে থাকলেও অনেকে নিয়ম ভেঙে বা প্রভাব খাটিয়ে দ্রুত তেল সংগ্রহ করছেন বলে গুরুতর অভিযোগ উঠেছে।
ভুক্তভোগী চালকরা জানান, একদিকে রোদে পুড়ে দীর্ঘ লাইনে অপেক্ষা, অন্যদিকে অ্যাপস ও লাইসেন্সের জটিলতায় সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে।
তবে ফিলিং স্টেশন কর্তৃপক্ষ জানান, রাজশাহীর সবগুলো ফিলিং স্টেশনে তেলের সরবরাহ দ্রুত স্বাভাবিক হলে এ ভিড় ও বিশৃঙ্খলা কমে আসবে এবং জনজীবনে স্বস্তি ফিরবে।





