৪৮ ঘণ্টা পর উৎপাদনে ফিরলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১

চারদিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু
চারদিন পর বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন শুরু |
0

যান্ত্রিক ত্রুটির কারণে প্রায় ৪৮ ঘণ্টা বন্ধ থাকার পর দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটটি আবারও উৎপাদনে ফিরেছে। আজ (শুক্রবার, ২৪ এপ্রিল) রাতে ইউনিটটি উৎপাদনে ফেরে।

কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক জানান, শুক্রবার রাত ৮টা ১০ মিনিটে ইউনিটটি পুনরায় চালু করা হয়। বর্তমানে এই ইউনিট থেকে জাতীয় গ্রিডে প্রায় ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে।

তিনি জানান, যান্ত্রিক ত্রুটির কারণে গত বুধবার (২২ এপ্রিল) রাতে ইউনিটটি হঠাৎ বন্ধ হয়ে যায়। এতে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় এবং উত্তরাঞ্চলে লোডশেডিংয়ের চাপ বাড়ে।

তবে ইউনিটটি পুনরায় চালু হওয়ায় বিদ্যুৎ সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হবে বলে আশা করছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

আরও পড়ুন:

উল্লেখ্য, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে দ্বিতীয় ইউনিটটি (১২৫ মেগাওয়াট) ২০২০ সাল থেকে এবং তৃতীয় ইউনিটটি (২৭৫ মেগাওয়াট) দীর্ঘদিন ধরে সম্পূর্ণ বন্ধ রয়েছে। তৃতীয় ইউনিটটি আগামী মে মাসের মাঝামাঝি সময়ে উৎপাদনে আসতে পারে বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

ফলে কেন্দ্রের চলমান বিদ্যুৎ উৎপাদন অনেকাংশেই প্রথম ইউনিটটির ওপর নির্ভরশীল ছিল। ২০০৬ সালে উৎপাদনে যাওয়া বড়পুকুরিয়া কোল ফায়ার্ড পাওয়ার প্ল্যান্টের বন্ধ ইউনিটগুলো চালু করতে দ্রুত উদ্যোগ নেয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এসএস