বাগেরহাটে বেপরোয়া ইজিবাইকের ধাক্কায় কিশোরীর মৃত্যু

সানজিদা আক্তার শিমু
সানজিদা আক্তার শিমু | ছবি: সংগৃহীত
0

বাগেরহাটের মোংলায় ইজিবাইকের ধাক্কায় সানজিদা আক্তার শিমু (১১) নামের এক কিশোরীর মৃত্যু হয়েছে। আজ (সোমবার, ২০ এপ্রিল) সকালে মোংলা শহরের হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন রাস্তা পারাপারের সময় ইজিবাইকের ধাক্কায় আহত হয় শিমু।

পরে উদ্ধার করে প্রথমে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরবর্তীতে দুপুরের দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিমুকে মৃত ঘোষণা করেন।

নিহত সানজিদা আক্তার শিমু ওই এলাকার শামীম হাওলাদারের মেয়ে। সে সরকারি টি এ ফারুক স্কুল অ্যান্ড কলেজের ষষ্ঠ শ্রেণির ছাত্রী।

আরও পড়ুন:

হাজীপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. আসমা খানম বলেন, ‘সকালে ডিম কেনার জন্য দোকানে যাওয়ার জন্য রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগামী ইজিবাইক তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।’

মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ‘আইনগত প্রক্রিয়া শেষে শিশুটির মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এসএস