নেত্রকোণার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

মরদেহের প্রতীকী ছবি
মরদেহের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

নেত্রকোণার আটপাড়ায় ধলার হাওরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে আলতু মিয়া (৬০) নামে এক কৃষকের মৃত্যু। আজ (শনিবার, ১৮ এপ্রিল) বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার মো. শাহ্‌নূর রহমান।

এর আগে সকালে উপজেলার সুখারি ইউনিয়নে ধলার হাওড়ে কাজ করতে গিয়ে বজ্রপাতে মৃত্যু হয় কৃষক আলতু মিয়ার। নিহত আলতু মিয়া সুখারি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের হাতিয়া গ্রামের মৃত লাল মিয়ার ছেলে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, সকালে ধলার হাওরে চলতি বোরো মৌসুমের ধান কাটতে যায় আলতু মিয়াসহ স্থানীয় কৃষকরা। এ সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে স্থানীয় কৃষকরা যে যার মতো বিভিন্ন স্থানে আশ্রয় নেয়। বৃষ্টির থামলে কৃষকরা আবারো ধান কাটতে গেলে হাওরের জমিতে আলতু মিয়ার মরদেহ পড়ে থাকতে দেখে।

আরও পড়ুন:

শরীরের বিভিন্ন স্থানে ঝলসানো চিহ্ন দেখে স্থানীয়রা নিশ্চিত বজ্রপাতেই কৃষক আলতু মিয়ার মৃত্যু হয়। পরে পরিবারের সদস্যরা খবর পেয়ে তার মরদেহ বাড়ি নিয়ে যান।

এ বিষয়ে আটপাড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. শাহ্‌নূর রহমান বলেন, ‘আমরা এরই মধ্যে সংবাদ পেয়েছি যে হাওড়ে কাজ করতে গিয়ে একজন কৃষক নিহত হয়েছেন। প্রশাসনের পক্ষ থেকে আমরা প্রাথমিকভাবে খোঁজখবর নিয়েছি। নিহত কৃষকের দাফন-কাফনের যাবতীয় প্রক্রিয়ার জন্য তার পরিবারকে দ্রুত আর্থিক সহায়তা প্রদান করা হবে।’

এফএস