সকাল থেকেই শহরের বিভিন্ন পাম্পে জ্বালানি নিতে পরিবহন চালকদের দীর্ঘ লাইনে অপেক্ষা করতে দেখা যায়। চালকদের ভাষ্য, জ্বালানি সংকটের কারণে গত কয়েকদিন তারা চরম দুর্ভোগের শিকার হয়েছেন এবং অনেক যানবাহন চলাচল বন্ধ রাখতে বাধ্য হয়েছেন।
জানা যায়, জ্বালানি সরবরাহ বন্ধ থাকায় গতকাল (বুধবার, ১৫ এপ্রিল) নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের বর্জ্য অপসারণ কার্যক্রমও স্থগিত ছিলো। ফলে নগরীর বিভিন্ন স্থানে ময়লার স্তুপ জমে জনদুর্ভোগের সৃষ্টি হয়। তবে বৃহস্পতিবার সকাল থেকে পুনরায় বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছে সিটি করপোরেশন।
আরও পড়ুন:
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের পরিচ্ছন্ন কর্মকর্তা সবুজ পাটোয়ারী বলেন, ‘জ্বালানি সংকটের কারণে আমাদের বর্জ্যবাহী গাড়িগুলো চলাচল করতে পারেনি। আজ সকাল থেকে জ্বালানি সরবরাহ স্বাভাবিক হওয়ায় আমরা পুনরায় বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করেছি এবং দ্রুত সময়ের মধ্যে নগরী পরিষ্কার করা হবে।’
অন্যদিকে পাম্প কর্তৃপক্ষ জানায়, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছরে অধিক পরিমাণ জ্বালানি বিক্রি হওয়ায় রেশনিং পদ্ধতির কারণে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) থেকে সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। ফলে এ সংকটের সৃষ্টি হয়েছে।




