পঞ্চগড় সীমান্তে আটকের ১১ মাস পর বাংলাদেশির মরদেহ ফেরত দিলো ভারত

মরদেহ হস্তান্তর
মরদেহ হস্তান্তর | ছবি: এখন টিভি
2

পঞ্চগড়ের সীমান্ত এলাকা থেকে ধরে নিয়ে যাওয়া এক বাংলাদেশি কৃষকের মরদেহ প্রায় ১১ মাস পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল (শুক্রবার, ৩ এপ্রিল) দুপুরে পঞ্চগড়ের বাংলাবান্ধা জিরোপয়েন্ট দিয়ে মরদেহটি হস্তান্তর করা হয়।

নিহত আজিজুর রহমান (৫০) ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার শাহানাবাদ এলাকার বাসিন্দা। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার স্বজনদের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

হস্তান্তরের সময় বিজিবি ও বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) কেফায়েতুল ওয়ারেস, ভারতের ফুলবাড়ি পুলিশের প্রতিনিধি, নিহতের জামাতা দুলাল হোসেন ও ভাতিজা সোহেল রানাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

বিজিবি জানায়, গত বছরের ১৪ মে দুপুরে ঠাকুরগাঁও জেলার ধর্মগড় সীমান্ত থেকে আজিজুর রহমাকে ধরে নিয়ে যায় বিএসএফ। পরবর্তীতে তাকে ভারতের শিলিগুড়ি জেলা কারাগারে পাঠানো হয়। চলতি বছরের ২২ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাকে শিলিগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিনই সন্ধ্যায় তার মৃত্যু হয়।

নিহতের ভাতিজা সোহেল রানা অভিযোগ করে বলেন, ‘আমার চাচা একজন কৃষক ছিলেন। তাকে ধরে নিয়ে নির্যাতন করেছে বিএসএফ। তাদের নির্যাতনেই আমার চাচা মারা গেছে। আমরা এর বিচার চাই।’

বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই কেফায়েতুল ওয়ারেস বলেন, ‘শুক্রবার দুপুরে বিএসএফ আনুষ্ঠানিকভাবে মরদেহ বিজিবির কাছে হস্তান্তর করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দেয়া হয়।’

এফএস