আজ (বুধবার, ১ এপ্রিল) সকাল প্রায় ১১টার দিকে উপজেলার বড় ভাকৈর (পূর্ব) ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের পার্শ্ববর্তী শৌলাগড় হাওরে এ ঘটনা ঘটে।
নিহত ফরাস মিয়া ছোট ভাকৈর গ্রামের মৃত আব্দুল মতলিবের ছেলে। আহতরা হলেন— একই গ্রামের সামছুল ইসলাম (২২), জায়েদ মিয়া (২৬) ও হাফিজুর রহমান (৫৫)।
আরও পড়ুন:
পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ফরাস মিয়া নিজের ধানক্ষেত দেখতে হাওরে যান। একই সময় সামছুল ইসলাম, জায়েদ মিয়া ও হাফিজুর রহমান কৃষিকাজের উদ্দেশ্যে হাওরে ছিলেন। হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা একটি ছনের ঘরে আশ্রয় নেন। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘরের ভেতরে থাকা চারজনই আহত হন। এতে ঘটনাস্থলেই ফরাস মিয়ার মৃত্যু হয়।
পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সামছুল ইসলাম ও জায়েদ মিয়ার অবস্থা গুরুতর হওয়ায় তাদের সিলেটে পাঠান।
নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।





