আজ (বুধবার, ২৫ মার্চ) সকাল সাড়ে ৯টার দিকে বোয়ালমারী উপজেলার চতুল এলাকায় ফায়ার সার্ভিস কার্যালয়ের পেছনে রেলগেটে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মিন্টু। অভিযুক্ত বড় ভাই ডা. গোলাম কবির ১৩তম জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসন থেকে সংসদ সদস্য পদপ্রার্থী ছিলেন।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, জমি-জমার বিরোধের জেরে বড় ভাই ডা. গোলাম কবির তার বন্দুক দিয়ে ছোট ভাই মিন্টুকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। গুরুতর অবস্থায় মিন্টুকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন:
ঘটনার পর স্থানীয় জনতা ঘাতক গোলাম কবীরকে আটক করে। পরে তাকে হেফাজতে নেয় বোয়ালমারী থানা পুলিশ।
স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। সকালে ডা. গোলাম কবির ছোট ভাই মিন্টুকে চতুল ফায়ার সার্ভিসের পিছনে রেলগেট এলাকায় গাছ বিক্রিকে কেন্দ্র করে বাগবিতণ্ডার এক পর্যায়ে গুলি ছোড়েন তিনি।
বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন বলেন, ‘গোলাম কবিরকে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।’





