বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত অন্তত ১৭, আশঙ্কাজনক ৩

বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে
বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে | ছবি: সংগৃহীত
1

ঢাকা থেকে বান্দরবানে আসা পর্যটকবাহী বাস খাদে পড়ে অন্তত ১৭ জন আহত হয়েছেন। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। আজ (রোববার, ২২ মার্চ) ভোরে বান্দরবান বিশ্ববিদ্যালয় সংলগ্ন ‘কিউবি’ রিসোর্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি পর্যটকবাহী বাস বান্দরবান প্রবেশের মুখে সুয়ালক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে যায়। স্থানীয়রা ঘটনা স্থলে পৌঁছে ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে পাঠান।

আরও পড়ুন:

বান্দরবান ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার ইকবাল হাসান বলেন, ‘খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বান্দরবান সদর হাসপাতালে ভর্তি এবং এদের মধ্যে গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার প্রয়োজনে চট্টগ্রামে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে।’

বন্দরবান সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার ধীমান চৌধুরী বলেন, ‘ভোর ৬টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত প্রায় ২০ জনকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার প্রয়োজনে তাদের চট্টগ্রামে নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।’

জেআর