১১ দলীয় ঐক্যের গণমিছিল সফল করার আহ্বান: গোলাম পরওয়ার

মিয়া গোলাম পরওয়ার
মিয়া গোলাম পরওয়ার | ছবি: এখন টিভি
0

১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পূর্ব ঘোষিত গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণ ও সর্বাত্মকভাবে সফল করার উদাত্ত আহ্বান জানিয়ে জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। আগামী শনিবার (২৫ এপ্রিল) রাজধানী বাদে দেশের সব মহানগরীতে এ গণমিছিল আয়োজন করেছে ১১ দলীয় ঐক্য। আজ (বৃহস্পতিবার, ২৩ এপ্রিল) এক বিবৃতিতে এ আহ্বান জানিয়েছেন তিনি।

বিবৃতিতে গোলাম পরওয়ার বলেন, ‘আগামী শনিবার রাজধানী ঢাকা বাদে দেশের সব মহানগরীতে ১১ দলীয় ঐক্যের পক্ষ থেকে পূর্ব ঘোষিত গণমিছিল অনুষ্ঠিত হবে। গণভোটের রায় বাস্তবায়ন, জ্বালানি সংকট নিরসন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং জনজীবনে বিরাজমান নানামুখী সমস্যা সমাধানের দাবিতে এই গণমিছিল আহ্বান করা হয়েছে।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘দেশ আজ এক গভীর সংকটকাল অতিক্রম করছে। দেশের নাগরিকরা অনেক প্রত্যাশা নিয়ে গণভোটে “হ্যাঁ” ভোটকে বিজয়ী করেছে। সুতরাং এই গণভোটের রায় বাস্তবায়ন করা সরকারের প্রধান দায়িত্ব। এই আন্দোলন কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থে নয়, বরং দেশের সাধারণ মানুষের গণতান্ত্রিক অধিকার পুনরুদ্ধার এবং একটি ইনসাফভিত্তিক সমাজ বিনির্মাণের লক্ষ্যে। আমরা বিশ্বাস করি, জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমেই বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে ওঠা সম্ভব।’

তিনি আরও বলেন, ‘আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি, ১১ দলীয় ঐক্যের নেতাকর্মী এবং সর্বস্তরের দেশপ্রেমিক জনতাকে আগামী ২৫ এপ্রিলের গণমিছিল কর্মসূচি শান্তিপূর্ণভাবে এবং সুশৃঙ্খলভাবে সফল করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। আসুন, দল-মত নির্বিশেষে রাজপথে নেমে এসে জনগণের দাবি আদায়ে সোচ্চার হই।’

পরিশেষে তিনি মহান আল্লাহর কাছে দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন এবং শৃঙ্খলা বজায় রেখে কর্মসূচি পালনের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রত্যাশা করেন।

এসএস