সকাল থেকেই গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এতে মুনজিতপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠের বিভিন্ন জায়গায় পানি জমে যায়। ফলে খোলা মাঠে প্রধান জামাত আয়োজন করা সম্ভব হয়নি। পরে পরিস্থিতি বিবেচনা করে মসজিদে জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের প্রধান জামাতে ইমামতি করেন মাওলানা মনোয়ার হোসেন মুমিন। এতে সাতক্ষীরা-২ আসনের সংসদ সদস্য আব্দুল খালেক, জেলা প্রশাসক আফরোজা আক্তারসহ জেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
এদিকে সকাল ৭টা ৪৫ মিনিটে কেন্দ্রীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন মাওলানা মুফতি মাছুম বিল্লাহ।
আরও পড়ুন:
এবার প্রথমবারের মতো কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদে নারীদের জন্য নামাজের ব্যবস্থা করা হয়। অনেক নারীও সেখানে ঈদের নামাজ আদায় করেন।
সকাল সাড়ে ৭টা থেকেই মুসল্লিরা ঈদগাহে আসতে শুরু করেন। তবে বৃষ্টির কারণে অনেকেই ভোগান্তিতে পড়েন।
কয়েকজন মুসল্লি বলেন, ‘মাঠে কিছু জায়গায় পানি জমে থাকলেও চেষ্টা করলে সেখানে জামাত করা যেত। তবে বৃষ্টির কারণে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে।’
ঈদগাহ কর্তৃপক্ষ জানায়, সব ধরনের প্রস্তুতি আগে থেকেই নেয়া ছিল। কিন্তু বৃষ্টির কারণে মাঠে প্রধান জামাত করা সম্ভব হয়নি। পরে মসজিদে জামাত অনুষ্ঠিত হয় এবং দ্বিতীয় জামাত ঈদগাহ মাঠে আয়োজন করা হয়।
বৃষ্টির মধ্যেও মুসল্লিরা শান্তিপূর্ণভাবে ঈদের নামাজ আদায় করেন এবং ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সাতক্ষীরায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।





