জাহাঙ্গীর আলম ঝিনাইদহের শৈলকুপা উপজেলার সাতগাছী গ্রামের প্রয়াত শিক্ষক লুৎফর রহমানের ছেলে। যশোর শহরের রায়পাড়া পশু হাসপাতালের সামনে একটি ভ্যাটেনারি ফার্মেসি রয়েছে তার।
র্যাব জানায়, গত ২ মার্চ রাতে দোকান বন্ধ করে তিনি শহরের খোলাডাঙ্গা এলাকার বাসার উদ্দেশে রওনা হন। পথিমধ্যে একদল দুর্বৃত্ত তাকে অপহরণ করে। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না।
অপহরণের পর অপহরণকারীরা তার পরিবারের কাছে মোবাইল ফোনে ১ কোটি টাকা মুক্তিপণ দাবি করে আসছিল। এ ঘটনায় ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
আরও পড়ুন:
পুলিশসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জাহাঙ্গীর আলমকে উদ্ধারে গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে চৌগাছা উপজেলার খলসি এলাকার বাবুলের ইটভাটায় অভিযান চালায় র্যাব সদস্যরা।
র্যাবের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। এ সময় অপহৃত ব্যবসায়ীকে উদ্ধার করা সম্ভব হয়।
র্যাব-৬ যশোরের অধিনায়ক মেজর এ টি এম ফজলে রাব্বী প্রিন্স জানান, অপহৃত ব্যবসায়ী এখন র্যাবের হেফাজতে রয়েছেন। তাকে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। অপহরণের কারণ, ঘটনায় জড়িতদের শনাক্ত এবং তাদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।





