দখল আর অবহেলায় মৃতপ্রায় বরিশালের খাল, প্রকল্পের আশায় সিটি করপোরেশন

দখলে মৃত বরিশাল নগরীর খাল
দখলে মৃত বরিশাল নগরীর খাল | ছবি: এখন টিভি
0

দখল, দূষণ আর অযত্নে বরিশাল নগরীর ভেতর দিয়ে প্রবাহিত খালগুলো মরে গেছে। স্বাধীনতার আগে ২২টি খাল থাকলেও এখন ৫-৬টির অবয়ব আছে মাত্র। প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় খালগুলো উদ্ধারের দাবি নাগরিক সমাজের। এদিকে সিটি করপোরেশন বলছে-মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে। পাশ হলে খাল উদ্ধারের কাজ শুরু হবে।

ধান– নদী– খাল এই তিনে বরিশাল। একসময় নগরীতে প্রবহমান খালকে কেন্দ্র করে গড়ে উঠেছিল বিভিন্ন হাট-বাজার। এখন নগরীতে অবশিষ্ট আছে মাত্র ৫ থেকে ৬টি খাল।

কথিত আছে, ব্রিটিশ আমলে এ অঞ্চলে ১০৮টি খালের অস্তিত্ব ছিলো। পাকিস্তান আমলে এ সংখ্যা কমে হয় ৪৬টি। স্বাধীনতার আগে ২২-২৩টি খালের অস্তিত্ব পাওয়া যায়। কারো কারো মতে, বরিশাল বিভাগ ঘোষণার পর থেকে খালগুলোর করুণ অবনতি শুরু হয়। উন্নত সড়ক যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে খাল ভরাট করে ড্রেন, রাস্তাঘাট ও অন্যান্য স্থাপনা তৈরির উদ্যোগ নেয় তৎকালীন নীতিনির্ধারকেরা।

সবাই ময়লা ফেলে খালগুলো ময়লার স্তূপে পরিণত করে রেখেছে। আর আগে তো সবাই খালের পানি দিয়ে গোসল করতো এবং খালের পানি নিত্যদিনের প্রয়োজনে ব্যবহার করার কথা জানান স্থানীয়রা।

আরও পড়ুন:

সবগুলো খালই ছিলো গুরুত্বপূর্ণ। বর্তমানে কোনো মতে টিকে থাকা একটি খাল- জেল খাল। যার দৈর্ঘ্য ৫ দশমিক ২ কিলোমিটার। বর্তমানে এ খালে নৌকা ঢোকার সুযোগ নেই। পোর্ট রোড ব্রিজের আগেই বর্জ্য ফেলে ভরাট করা হয়েছে। ফলে পানি প্রবাহ নষ্ট হয়ে গেছে। এসব খাল পুনঃখনন ও উদ্ধারের দাবি জানান বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির এ নেতা।

বরিশাল বিভাগ উন্নয়ন ও স্বার্থ সংরক্ষণ কমিটির সভাপতি অ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন বলেন, পয়ঃনিষ্কাশন, পানি সঞ্চালনের মধ্য দিয়ে বরিশালের খাদ্য উৎপাদন বৃদ্ধি এবং বরিশাল নগরীর মশা নিধন থেকে শুরু করে নানা উন্নয়নমুখী কাজ আশাকরি সরকারের কাছ থেকে।

বরিশাল নগরীর ভেতর দিয়ে একসময় প্রবাহিত খালগুলো পুনঃখনন ও উদ্ধারে মন্ত্রণালয়ে প্রকল্প পাঠানো হয়েছে। সরকার অনুমোদন দিলে কাজ শুরু হবে বলে জানান সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা।

বরিশাল সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী বলেন, ‘আমাদের বরিশাল নগরীতে ৪৬টি খাল রয়েছে এর মধ্যে আমরা ২৯টি খালের জন্য মন্ত্রণালয়ে পত্র দিয়েছি। আর আমাদের নগরীর সবাইকে সচেতন হতে হবে তাহলে রক্ষা করা যাবে খালগুলো।’

বরিশালে বর্তমানে যেসব খাল কিছুটা হলেও টিকে আছে তার মধ্যে অন্যতম জেল খাল, লাকুটিয়া খাল, নবগ্রাম খাল, সাগরদী খাল, ভাটার খাল, চাঁদমারি খাল, আমানতগঞ্জ খাল। যদিও এসব খালের দু’পাশ দখল হয়ে আছে।

জেআর