অভিযানে উপজেলার ১ নম্বর ফুলসারা ইউনিয়নের সলুয়া বাজারে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি তেল মজুদ করার দায়ে ব্যবসায়ী নিজাম উদ্দিনকে এক লাখ টাকা জরিমানা করা হয়। এসময় তার গুদাম থেকে পাঁচ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করা হয়।
পরে একই বাজারে ওজন ও পরিমাপ আইনে রুহুল আমিন নামে অপর এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এদিকে চৌগাছা শহরের চৌগাছা ফিলিং স্টেশনেও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রেশমা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এসময় ওজন ও পরিমাপ মানদণ্ড আইনে ফিলিং স্টেশনের ম্যানেজার গোলাম মোস্তফাকে (৭৫) ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
আরও পড়ুন:
সম্প্রতি ওই ফিলিং স্টেশন থেকে তেল নেয়ার পর একাধিক মোটরসাইকেল চালক সমস্যার সম্মুখীন হন। চালকদের অভিযোগ ছিল, তেলের মধ্যে কেরোসিনের মিশ্রণ রয়েছে।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলামের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে অবৈধভাবে মজুদ করা বিপুল পরিমাণ জ্বালানি তেল উদ্ধার করে। পরে উপজেলা প্রশাসনকে বিষয়টি জানানো হলে জেলা প্রশাসনের নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট শোয়াইব হাসান ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় ২৮ ব্যারেল (প্রতি ব্যারেলে ২০০ লিটার) ডিজেলসহ মোট পাঁচ হাজার ৬০০ লিটার ডিজেল, ২৪২ লিটার পেট্রোল এবং ৩৮ লিটার অকটেন জব্দ করা হয়।
আরও পড়ুন:
চৌগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর আহমেদ জানান, জব্দ করা জ্বালানি তেল মিনা ফিলিং স্টেশন ও আরএস ফিলিং স্টেশনে সংরক্ষণ করা হয়েছে। সেখান থেকে ন্যায্য মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে। অভিযানকালে মেট্রোলজির পরিদর্শক সাব্বির আহমেদসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।





