জামালপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যার অভিযোগে আইনজীবী গ্রেপ্তার

প্রতীকী ছবি
প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

জামালপুর শহরের দড়িপাড়া মন্ডলপাড়া এলাকায় আজ শুক্রবার (৬ মার্চ) রাত ১টার দিকে স্ত্রী তাহমিনা আক্তার তানিয়াকে পুড়িয়ে হত্যার অভিযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী হোসাইন মো. তাইফুর (৪০)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

খবর পেয়ে জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুনের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে স্বামী হোসাইন মো. তাইফুরকে গ্রেপ্তার এবং নিহত তাহমিনা আক্তার তানিয়ার মরদেহ উদ্ধার করে।

স্থানীয় ও প্রত্যক্ষ দর্শী সূত্রে জানা যায়,  ১৭ বছর পূর্বে মুকুন্দবাড়ী এলাকার আবু তাহেরের মেয়ে তাহমিনা আক্তার তানিয়ার সঙ্গে দড়িপাড়া এলাকার সুপ্রিম কোর্টের আইনজীবী  হোসাইন মো. তাইফুরের বিবাহ হয়। বিবাহের পর তাদের ঘরে বড় ছেলে তাসফিক ছোট মেয়ে তাহার জন্ম হয়। ওই আইনজীবী দীর্ঘদিন ধরে মাদক সেবন করায় সংসারে প্রতিনিয়ত অশান্তি লেগেই থাকত।   

আরও পড়ুন:

নিহতের মামা মনোয়ার ইসলাম কর্নেল জানান, বৃহস্পতিবার রাত সাড়ে আটটায় বাবার বাড়ী থেকে স্বামীর বাড়ি আসে তাহমিনা আক্তার তানিয়া। হঠাৎ রাত দেড়টার দিকে তানিয়ার ভাই তুহিন জানায়, তার বোনকে হত্যা করা হয়েছে। 

স্থানীয় শাকিল লস্কর জানান, হঠাৎ রাত দেড়টার দিকে দেখি ওই বাসা থেকে ধোঁয়া বের হচ্ছে। দ্রুত গিয়ে বাইরের কাচের জানালা ভাঙলে তাহমিনা আক্তার তানিয়ার দেহ পোড়া অবস্থায় খাটের ওপর দেখা যায়। পরবর্তীতে পুলিশে সংবাদ জানালে পুলিশ এসে আসামি গ্রেপ্তার ও মরদেহ উদ্ধার করেন। 

জামালপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন জানান, স্থানীয় লোকজন ও সংবাদ কর্মীদের মাধ্যমে খবর পেয়ে ফায়ার সার্ভিসকে সঙ্গে নিয়ে এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়, এরপর বাসার ভিতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করা হয়। এরই সঙ্গে তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাকারী হোসাইন মো. তাইফুরকে গ্রেপ্তার করা হয়। এই ঘটনার প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এএম