Recent event

নগরবাসীর আস্থা অর্জনই হবে প্রধান লক্ষ্য: সাখাওয়াত হোসেন

কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে সাখাওয়াত হোসেনকে স্বাগত জানাচ্ছেন
কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে সাখাওয়াত হোসেনকে স্বাগত জানাচ্ছেন | ছবি: এখন টিভি
0

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণের পর অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁন বলেছেন, নগরবাসীর আস্থা অর্জনই হবে তার প্রধান লক্ষ্য। আজ (বুধবার, ২৫ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করে এ কথা জানান তিনি।

সকাল ৯টায় তিনি নেতাকর্মীদের সঙ্গে নগরভবনে প্রবেশ করেন। এ সময় সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীরা তাকে স্বাগত জানান। পরে নির্ধারিত কক্ষে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব পালন শুরু করেন তিনি।

তিনি জানান, এ দায়িত্ব তার কাছে একটি পবিত্র আমানত। সফল হওয়া ছাড়া অন্য কোনো পথ নেই। দলীয় নেতাকর্মী, নাগরিক সমাজ, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে নগরীর সমস্যা সমাধানে কাজ করবেন।

দায়িত্ব গ্রহণের পরপরই নগর উন্নয়নে ৬০ দিনের কর্মপরিকল্পনার কথা জানান সাখাওয়াত হোসেন খাঁন। অগ্রাধিকার ভিত্তিতে রাস্তাঘাট সংস্কার, যানজট নিরসন, ফুটপাত দখলমুক্ত করা এবং বিশুদ্ধ পানির সরবরাহ নিশ্চিত করার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানান তিনি।

আরও পড়ুন:

এ সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম, জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, মহানগর বিএনপির সদস্য সচিব আবু আল ইউসুফ খান টিপু এবং জেলা ও মহানগর বিএনপির অন্যান্য নেতাকর্মীরা।

রাজনৈতিক পটভূমিতে পরিবর্তনের ধারাবাহিকতায় এ নিয়োগ আসে। ২০২৪ সালের ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতন হলে ১৯ আগস্ট দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করে প্রশাসক নিয়োগ দেয়া হয়। পরবর্তীতে বিভিন্ন পর্যায়ে প্রশাসক পরিবর্তনের পর সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে নতুন করে কয়েকটি সিটিতে দলীয় প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

সেই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খাঁনকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ দেয়া হয়।

এফএস