Recent event

মাদারগঞ্জে সিএনজি-ট্রাক্টর সংঘর্ষে এক শিশুর মৃত্যু

মাদারগঞ্জ মডেল থানা
মাদারগঞ্জ মডেল থানা | ছবি: সংগৃহীত
0

জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাহিন্দ্র ট্রাক্টরের (কাকরা গাড়ি) সংঘর্ষের ঘটনায় জিহান (১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।

আজ (মঙ্গলবার, ২৪ ফেব্রুয়ারি) দুপুরে জামালপুর-মাদারগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মাদারগঞ্জ ফায়ার সার্ভিস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জিহান জামালপুর সদর উপজেলার মনিরাজপুর এলাকার মামুনের ছেলে। আহতরা হলেন—নিহতের মা বিথী (৩৬), উপজেলার জোনাইল ফকির বাড়ি এলাকার ওয়াজেদ আলীর স্ত্রী সামিরা (৫৫) ও একই এলাকার মিজানুরের স্ত্রী সেলিনা (২৬)।

তাদের মধ্যে গুরুতর আহত বিথীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। অপর দুইজন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন:

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে জামালপুর থেকে ছেড়ে আসা একটি সিএনজিচালিত অটোরিকশা সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মাহিন্দ্র ট্রাক্টরের সংঘর্ষ হয়। এতে সিএনজিটি দুমড়ে-মুচড়ে যায়। এ ঘটনায় চারজন আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কর্তব্যরত চিকিৎসক শিশু জাহিলকে মৃত্যু ঘোষণা করেন।

আরও জানা যায়, গতকাল রাতে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় বিথীর মামাতো বোন খুশি মারা যায়। তাকে শেষবারের মত দেখার জন্য জামালপুর থেকে সিএনজি যোগে আসছিলেন বীথি ও তার ছেলে জিহান। পথে মাদারগঞ্জ ফায়ার সার্ভিস এলাকায় পৌঁছালে দুর্ঘটনায় কবলে পড়েন তারা।

মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. আবু রায়হান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত ৪ জনকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে জিহান নামে এক শিশু হাসপাতালে আনার আগেই মারা যায়। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে জামালপুর জেনারেল হাসপাতালে রেফার করা হয়েছে। অন্য দুইজনকে এখানে চিকিৎসা দেয়া হচ্ছে।’

মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মাহিন্দ্র ট্রাক্টরের চালককে আটক করা হয়েছে। যানবাহন দুটি জব্দ করা হয়েছে এবং এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’

এসএইচ