Recent event

চাঁপাইনবাবগঞ্জে অগ্নিকাণ্ডে চার বাড়ি পুড়ে ছাই

আগুনে পুড়ছে ঘরবাড়ি
আগুনে পুড়ছে ঘরবাড়ি | ছবি: এখন টিভি
0

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় স্মার্টফোনের চার্জার বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারটি বাড়ি ভস্মীভূত হয়েছে। আজ (রোববার, ১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পোলাডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। এতে প্রায় ৯ লাখ টাকার সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগীরা।

স্থানীয়দের ভাষ্য, পোলাডাঙ্গা গ্রামের মো. জিয়াউর রহমানের বাড়িতে স্মার্টফোন চার্জ দেওয়ার সময় হঠাৎ চার্জার বিস্ফোরণ ঘটে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে। বাড়ির সদস্যদের চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।

তবে আগুনের তীব্রতা বেশি হওয়ায় তা দ্রুত পাশের বসতবাড়িগুলোতেও ছড়িয়ে পড়ে। এতে মো. তরিকুল ইসলাম, চান্দু হোসেনসহ চারটি পরিবারের বাড়িতে আগুন লাগে।

আরও পড়ুন:

খবর পেয়ে বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ভোলাহাট স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে চারটি বাড়ির আসবাবপত্র, খাদ্যশস্য এবং আলমারিতে রাখা নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা পুড়ে যায়। ভুক্তভোগীদের দাবি, মোট ক্ষতির পরিমাণ প্রায় ৯ লাখ টাকা।

ভোলাহাট ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত স্টেশন মাস্টার কৃষ্ণ প্রসাদ তলাপাত্র জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট বা চার্জার বিস্ফোরণ থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। এতে চারটি পরিবারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

ভোলাহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মাহমুদ জানান, ঘটনাটির খবর পাওয়া গেছে এবং প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তার ব্যবস্থা করা হবে।

এএইচ