Recent event

ব্রাহ্মণবাড়িয়ায় খাস জমির দখল নিয়ে সংঘর্ষ, নিহত ১

সংঘর্ষের প্রতীকী ছবি
সংঘর্ষের প্রতীকী ছবি | ছবি: সংগৃহীত
0

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সরকারি খাস জমির দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে বশির মিয়া (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ (শুক্রবার, ৬ ফেব্রুয়ারি) বিকেল ৩টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। নিহত বশির নাসিরনগর উপজেলার ভলাকুট ইউনিয়নের খাগালিয়া গ্রামের হিলাল উদ্দিনের ছেলে।

এর আগে, দুপুর সাড়ে ১২টার দিকে খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় দুই পক্ষের সংঘর্ষের এ ঘটনা ঘটে। এ ঘটনায় নারী ও শিশুসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদেরকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খাগালিয়া গ্রামের লম্বা হাটি এলাকায় একটি সরকারি খাস জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরে দু’পক্ষের মধ্যে বিরোধ চলছে। সম্প্রতি আলমগীর মিয়া নামে স্থানীয় এক ব্যক্তি ওই জমিটি ক্রয় করেছেন দাবি করে সেখানে সীমানা নির্ধারণের কাজ শুরু করেন।

আরও পড়ুন:

এ নিয়ে আলমগীরের প্রতিপক্ষ কুতুবের বাড়ির নারীদের সঙ্গে বাগবিতণ্ডা হয়। এ নিয়ে আজ দুপুরে উভয় পক্ষ দেশিয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় বশির মিয়া গুরুতর আহত হন। পরে তাকে স্বজনরা নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর ইসলাম জানান, বিরোধপূর্ণ জমি নিয়ে দুই পক্ষের মারামারিতে একজন মারা গেছেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

এসএইচ