Recent event

হাফ ভাড়া নিয়ে দ্বন্দ্ব: বিএম কলেজ শিক্ষার্থী ও শ্রমিকদের সংঘর্ষ, আহত ২০

টায়ার জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
টায়ার জ্বালিয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ | ছবি: সংগৃহীত
0

বরিশালের নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে ভাড়া নিয়ে দ্বন্দ্বের জেরে বিএম কলেজের শিক্ষার্থী ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে জানা গেছে। আজ (শনিবার, ১৫ নভেম্বর) সন্ধ্যার পর এ সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও সূত্রে জানা যায়, একটি বাসে করে বরিশাল বিএম কলেজের কয়েকজন শিক্ষার্থী নথুল্লাবাদে এসে পৌঁছান। এরপর ভাড়া দেয়ার সময় তারা অর্ধেক ভাড়া দিতে চাইলে সেটি নিয়ে স্থানীয় পরিবহন শ্রমিকদের সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা কয়েকটি বাস ভাঙচুর করে।

বিক্ষোভের সময় শিক্ষার্থীদের নানা স্লোগান দিতে থাকে এবং টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করতে দেখা গেছে। ফলে বরিশাল থেকে কুয়াকাটা রুটে সব ধরণের যান চলাচল বন্ধ হয়ে যায়।

শিক্ষার্থীদের অভিযোগ, পরিবহন শ্রমিকরা তাদের মারধর করেছে। মারধরের খবর ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা নথুল্লাবাদের আসতে থাকে। এসময় শ্রমিকরা ইট-পাটকেল মারছে এমন অভিযোগও পাওয়া গেছে। এসময় শিক্ষার্থীরা আরও ক্ষুব্ধ হয়ে রাস্তায় বিক্ষোভ শুরু করেন। এতে করে বিভিন্ন রুটে চলাচল বন্ধ হয়ে যায়।

এএইচ