ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি বাংলাদেশ; প্রক্রিয়ায় আস্থা অধিনায়ক শান্তর

বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত
বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত | ছবি: এখন টিভি
0

সমর্থকদের চোখে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের স্বপ্ন থাকলেও এখনই এতদূর ভাবছেন না নাজমুল হোসেন শান্ত। বরং ধীরে ধীরে এগোতে চান তিনি। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে এসে দল নিয়ে সন্তুষ্টির কথাও জানিয়েছেন টাইগার অধিনায়ক। অন্যদিকে উইন্ডিজের লক্ষ্য ভালো খেলে পয়েন্ট টেবিলের ওপরের দিকে থাকা।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে চতুর্থ স্থানে বাংলাদেশ। ফাইনালে উঠতে সমীকরণ পরিষ্কার। বাকি থাকা ছয় টেস্টের অন্তত চারটিতে জয়ের পাশাপাশি প্রয়োজন একটি ড্র।

এমন সমীকরণকে সামনে রেখে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলতে নামছে টাইগাররা। সম্ভাবনার বিপরীতে দাঁড়িয়ে সাম্প্রতিক সময়টা অবশ্য ভালো যাচ্ছে না বাংলাদেশের। টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোখ রাখছেন বাস্তবতায়। এখনই ফাইনাল নিয়ে ভাবছেন না তিনি। বরাবরের মতো এবারও শুধু প্রথম ম্যাচ নিয়েই ভাবনার কথা জানিয়েছেন কাপ্তান শান্ত।

বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘গত কয়েকটা সিরিজে বা গত কয়েক বছর ধরে আমরা টেস্ট ক্রিকেটটা কীভাবে খেলছি। সো আমরা এক্সট্রা কোনো কিছু করতে চাই না, আমরা আমাদের প্রসেসটা ফলো করতে চাই। আমরা যেই জিনিসটা পারি ওই জিনিসটায় ১০০% দিয়ে করতে চাই। সো এখানে আমি কারো কাছ থেকে এক্সট্রা কোনো এফোর্টও চাই না। সো এটা অনেক ইম্পর্টেন্ট সিরিজ, অবশ্যই। বাট আমরা আমাদের প্রসেসটা ফলো করে যেভাবে রেজাল্ট পাচ্ছি ওই জিনিসটায় জাস্ট এক্সিকিউট করতে চাই।’

দল নিয়ে সবচেয়ে বড় খবর, ইঞ্জুরি কাটিয়ে দলে ফিরতে পারেন লিটন দাস। পেস বোলিং নিয়েও স্বস্তি ছিল শান্তর কণ্ঠে। সেই সঙ্গে বোলিংয়ে নতুন ভূমিকায় দেখা যেতে পারে মুমিনুল হককে।

বাংলাদেশ ক্রিকেট দল টেস্ট অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বলেন, ‘লিটন সকালেও ফিটনেস নিয়ে কাজ করেছে। সো ফার ভালো আছে, বাট এক্স্যাক্টলি এখনও পর্যন্ত ফিজিও এবং ট্রেনার ওইভাবে রিপোর্টটা দেয়নি। ইনশাল্লাহ ভালো কিছু হবে আশা করছি। মুমিনুল ভাই বোলিং করতে পারে তাই বোলিং করতেছে। মাঝখানে একটু একটু রেস্ট টেস্ট নিত আরকি। তো ওই সুযোগটা বন্ধ আছে এখন।’

এদিকে ফাইনালের সমীকরণ থেকে ছিটকে গেলেও হাল ছাড়ছে না ওয়েস্ট ইন্ডিজ। বরং এই সিরিজে ভালো কিছু করে পয়েন্ট টেবিলের ওপরের দিকে থেকে চ্যাম্পিয়নশিপ মিশন শেষ করতে চান ক্যারিবীয় অধিনায়ক রস্টন চেজ।

ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের টেস্ট অধিনায়ক রস্টন চেজ বলেন, ‘আমরা কন্ডিশনের সাথে নিজেদের মানিয়ে নিয়েছি। এখানে গরম বেশি। তবে আমরা উপভোগ করছি। এটা আমাদের টেস্ট চ্যাম্পিয়নশিপে শেষ সিরিজ। যদি টেবিলে ৫ম বা ৬ষ্ঠ স্থানে থেকে শেষ করতে পারি তবে আমাদের জন্য দারুণ একটা অর্জন হবে।’

দুই দলের কণ্ঠেই ছিল ভালো উইকেটের প্রত্যাশা। তবে উইকেট যেমনই হোক, যারা দ্রুত মানিয়ে নিতে পারবে তারাই শেষ হাসি হাসবে বলে মনে করেন চেজ।


এএম