লন্ডনের জমকালো মঞ্চে ট্রফি হাতে পেয়ে প্রায় বাকরুদ্ধ ইংলিশ অধিনায়ক। নিজ শহর লন্ডনে এই পুরস্কার পাওয়া বিশেষ ব্যাপার। তাই যারা ভোট দিয়েছেন সবাইকে ধন্যবাদ জানান তিনি। পাশাপাশি লড়াইটা বেশ কঠিন ছিল বলেই জানান কেইন।
কেইনের এই ঐতিহাসিক অর্জনে সবার আগে শুভেচ্ছা জানিয়েছে যুক্তরাজ্যের প্রিন্স উইলিয়াম। এক প্রতিক্রিয়ায় তিনি কেইনকে অসাধারণ অধিনায়ক ও অবিশ্বাস্য খেলোয়াড় হিসেবে উল্লেখ করেন। বলেন, বিশ্বজুড়ে ভক্তদের অবিস্মরণীয় সব মুহূর্ত উপহার দেওয়ায় এই জয় তাঁর প্রাপ্য।
ইংলিশ জাতীয় দলের কোচ টমাস টুহেলও সুর মিলিয়েছেন প্রিন্সের সাথে। কেইনের প্রশংসায় টুহেল জানান, কেইনকে বর্ণনা করার মতো শব্দ অনেক আগেই শেষ হয়ে গেছে। ২৫ বছর পর এই অর্জন গর্বিত করেছে দেশকে।
ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে কেইনের লড়াইয়ের কথা স্মরণ করেন। বলেন, সব সময় দেশের খেলোয়াড়দের সমর্থন করেন তিনি। তবে কেইন যা অর্জন করেছেন, সেজন্য চরম লড়াই ও কষ্ট করতে হয়েছে। তিনি এই পুরস্কারের যোগ্য দাবিদার।
কৈশোরের ক্লাব টটেনহ্যাম হটস্পার ভিডিও প্রকাশ করে উচ্ছ্বাস প্রকাশ করে লিখেছেন, কেইন অ্যাকাডেমির গর্ব। এছাড়া কেইনের সাবেক ক্লাব নরউইচ সিটি ও লেইটন ওরিয়েন্টের মতো ক্লাবগুলো কেইনের ক্যারিয়ারের শুরুর দিনগুলোর স্মৃতিচারণ করে অভিনন্দন জানিয়েছেন।
ফুটবলের পাশাপাশি শুভেচ্ছা বার্তা এসেছে ক্রিকেট থেকেও। ভারতীয় তারকা ক্রিকেটার বিরাট কোহলি সামাজিক যোগাযোগ মাধ্যমে হ্যারি কেইনকে বন্ধু সম্বোধন করেন এবং শীর্ষ পর্যায়ে ফুটবল খেলতে গিয়ে বছরের পর বছর তাঁর কঠোর পরিশ্রম, সততা ও অদম্য মনোভাবের কথা স্মরণ করেন তিনি।





