ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারির মাঝেই তেহরানে পাকিস্তানের সেনাপ্রধান

পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির
পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির | ছবি: সংগৃহীত
0

ইরানের ওপর কঠোর অর্থনৈতিক ও সামরিক পদক্ষেপ অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন ট্রাম্প। এমন অবস্থায় গোপনে ইসরাইল সফরে গিয়ে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ইরানে ফের যুক্তরাষ্ট্র-ইসরাইলের যৌথ হামলার গুঞ্জনও শোনা যাচ্ছে। এদিকে, রাষ্ট্রীয় সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ফের বড় অভিযান শুরুর আশঙ্কা। এর মধ্যে অ্যাক্সিওস জানিয়েছে, অঘোষিত ইসরাইল সফরে বেনইয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ইরানে ওয়াশিংটন-তেল আবিবের যৌথ অভিযানের অভিযান শুরুর সম্ভাবনা নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ। ইসরাইলের নির্বাচনের আট দিন আগের এ সফরের বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানায়নি পেন্টাগন বা ইসরায়েলি দূতাবাস।

এর মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, ইরানের ওপর কঠোর পদক্ষেপ অব্যাহত রেখেছে যুক্তরাষ্ট্র। আবশ্যক মনে করলে খুব শিগগিরই তিনি ইরানের বিরুদ্ধে বড় সামরিক অভিযানও শুরু করবেন।

তাসনিম নিউজ জানিয়েছে, রাষ্ট্রীয় সফরে তেহরান পৌঁছেছেন পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির। ইরানের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে তিনি আঞ্চলিক নিরাপত্তা, দ্বিপক্ষীয় সম্পর্ক এবং চলমান ইরান-মার্কিন উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতাকারী ভূমিকা নিয়ে আলোচনা করবেন।যুক্তরাষ্ট্র-ইরানের নতুন করে সৃষ্ট টানাপোড়েন এবং যুদ্ধ বন্ধের মধ্যস্থতার অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।

এর মধ্যে রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ তেহরানে প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিইয়ান ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সঙ্গে সাক্ষাৎ করেছেন। মাসুদ পেজেশকিয়ান সের্গেই লাভরভকে জানান, তেহরান বলপ্রয়োগের মাধ্যমে অন্য দেশগুলোর চাপিয়ে দেয়া সিদ্ধান্ত মানবে না।

আরও পড়ুন:

অন্যদিকে, লাভরভ বলেন, আন্তর্জাতিক বিষয়ে মস্কো-তেহরানের দৃষ্টিভঙ্গি একই রকম। শান্তি ও নিরাপত্তা রক্ষায় দুই দেশ কূটনৈতিক আলোচনার ওপর জোর দেয়।

এদিকে, আইআরজিসি’র মুখপাত্র হোসেন মোহেব্বি হরমুজ প্রণালীরসমুদ্রের তলদেশের ইন্টারনেট কেবলগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, "হরমুজ প্রণালীর নিচ দিয়ে সাতটি প্রধান কেবল গেছে। যার ওপর বিশ্বের সমস্ত ইন্টারনেট ও বাণিজ্যিক ডেটা নির্ভরশীল। আমরা শত্রুদের বিষয়টি মনে করিয়ে দিচ্ছি। এছাড়া, আইআরজিসি হরমুজে ৫৪তম মার্কিন এমকিউ-৯ ড্রোনটি ভূপাতিত করার দাবি করেছে।

আরেকদিকে, যুক্তরাষ্ট্র-ইসরাইলের হুমকির প্রতিবাদে জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে একটি জরুরি বৈঠকের আহ্বান জানিয়েছে ইরান। এক চিঠিতে, ইরানের বিরুদ্ধে ‘মাদার অফ অল বোম্বস’ ব্যবহারের হুমকি এবং দেশটির জ্বালানি অবকাঠামোতে ইসরাইলের হামলার হুমকির কথা উল্লেখ করেন জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত গোলামহোসেন দারজি। তিনি আরও বলেন, জাতিসংঘ সনদের ৫১ নং অনুচ্ছেদ অনুযায়ী আত্মরক্ষার অধিকার আছে ইরানের। নিরাপত্তা পরিষদ দায়িত্ব পালনে ব্যর্থ হলে, ফের হুমকির সম্মুখীন হলে ইরান ‘চূড়ান্ত জবাব’ দেবে।

চলমান সংকটের মধ্যেও রাশিয়ার ওপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা ও শুল্ক মওকুফের খবরের পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানী তেলের দাম কমেছে। ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুডের দাম শূন্য দশমিক ৪৫ শতাংশ কমে ১০৯ দশমিক ০৬ ডলারে পৌঁছেছে। মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট অপরিশোধিত তেলের দাম কমে ১০৩ দশমিক ৬৬ ডলারে পৌঁছেছে।

এফএস