গাজার ধ্বংসস্তূপ থেকে ৭৫ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, জানাজা সম্পন্ন

গাজার ধ্বংসস্তূপ থেকে ৭৫ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, জানাজা সম্পন্ন
গাজার ধ্বংসস্তূপ থেকে ৭৫ ফিলিস্তিনির মরদেহ উদ্ধার, জানাজা সম্পন্ন | ছবি: আল জাজিরা
0

গাজায় ইসরাইলের হামলায় ধ্বংস হওয়া ভবন ও বাড়ির ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া ৭৫ ফিলিস্তিনির মরদেহের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার, ১৮ অক্টোবর) সকালে শত শত ফিলিস্তিনির অংশগ্রহণে গাজা সিটির শেখ রাদওয়ান কবরস্থানে মরদেহগুলো দাফন করা হয়। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল জাজিরা এ তথ্য জানিয়েছে।

নিহতদের বেশির ভাগই গাজা সিটির উত্তর-পূর্বাঞ্চলীয় দারাজ এলাকার বাসিন্দা ছিলেন। আল-জাজিরার সংবাদদাতা নূর খালেদ জানান, উদ্ধার হওয়া মরদেহের অধিকাংশই নারী ও শিশুদের, ‘যারা নিজেদের বাড়ির ভেতরে অবস্থানকালে হামলার শিকার হয়েছিলেন’। মরদেহগুলো দেহের কিছু অংশ এবং ব্যক্তিগত জিনিসপত্রসহ উদ্ধার করা হয় এবং দাফনের আগে ফিলিস্তিনি পতাকায় মোড়ানো হয়।

গাজার সিভিল ডিফেন্সের জনসংযোগ ও গণমাধ্যম পরিচালক আবদুল্লাহ আল-মাজদালাবি তুর্কি বার্তা সংস্থা আনাদলুকে জানান, গত কয়েক সপ্তাহে দারাজ এলাকার বেশ কয়েকটি ধ্বংসপ্রাপ্ত বাড়ি থেকে এই মরদেহগুলো উদ্ধার করা হয়েছে। যুদ্ধের শুরুর দিকের মাসগুলোতে বাড়ির ভেতরে থাকা অবস্থায় ওই ভবনগুলোতে বোমা হামলা চালানো হয়। নিহতরা প্রায় ২০টি ফিলিস্তিনি পরিবারের সদস্য ছিলেন, যাদের মধ্যে ওই বাড়িগুলোতে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত মানুষও রয়েছেন।

তিনি আরও জানান, পর্যাপ্ত সরঞ্জাম ও ভারী যন্ত্রপাতির অভাবে ধ্বংসস্তূপের নিচ থেকে মরদেহ উদ্ধারের কাজে মারাত্মক বেগ পেতে হচ্ছে। গত জুলাইয়ে সিভিল ডিফেন্স তাদের উদ্ধার অভিযানের দ্বিতীয় পর্যায় শুরু করে। এর আগে ২০২৫ সালের নভেম্বরে প্রথম পর্যায়ের অভিযানে ৩৩৩টি মরদেহ এবং ৫৫৯ জনের দেহাবশেষ উদ্ধার করা হয়েছিল।

সিভিল ডিফেন্সের ধারণা, গাজাজুড়ে ধ্বংসস্তূপের নিচে এখনও প্রায় ৮ হাজার ফিলিস্তিনির মরদেহ আটকে আছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউএর তথ্যমতে, গাজায় প্রায় ২ লাখ ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরাইলের হামলা শুরুর পর থেকে এ পর্যন্ত অন্তত ৭৪ হাজার ৪৭৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

এএম