বাগদাদে ওআইসির পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক; ফিলিস্তিন ও আঞ্চলিক সংকটে জোর

অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সদস্যদেশগুলোর জাতীয় পতাকা
অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সদস্যদেশগুলোর জাতীয় পতাকা | ছবি: সংগৃহীত
0

ইরাকের রাজধানী বাগদাদে অর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশনের (ওআইসি) সদস্যদেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের ৫২তম অধিবেশন শুরু হয়েছে। শনিবার শুরু হওয়া দুই দিনব্যাপী এই বৈঠকে আঞ্চলিক সংকট, ফিলিস্তিন পরিস্থিতি এবং সদস্যদেশগুলোর মধ্যকার পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়টিকে প্রাধান্য দেয়া হচ্ছে।

ইরাকি বার্তা সংস্থার (আইএনএ) বরাত দিয়ে জানানো হয়, বৈঠকের উদ্বোধন করেন ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালেহ আল-জাইদি। প্রতিনিধিদের স্বাগত জানিয়ে তিনি বলেন, মুসলিম বিশ্ব ক্রমবর্ধমান চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছে, যা অর্থনৈতিক, সাংস্কৃতিক ও গণমাধ্যমের পরিবর্তনের সঙ্গে মানিয়ে নেয়ার সক্ষমতাকে পরীক্ষা করছে।

আলি ফালেহ আল-জাইদি বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে আমরা যেসব সংকট প্রত্যক্ষ করছি, তা আমাদের জনগণের স্বার্থ রক্ষা, উম্মাহর দাবি পূরণ এবং ভবিষ্যৎ প্রজন্মের সুরক্ষা নিশ্চিত করতে যৌথ পদক্ষেপ জোরদারের আহ্বান জানায়।’

ফিলিস্তিন প্রসঙ্গে ইরাকের অবস্থান পুনর্ব্যক্ত করে প্রধানমন্ত্রী বলেন, ফিলিস্তিন সংকটই এই অঞ্চলের সংঘাতের মূল কেন্দ্রবিন্দু। ফিলিস্তিনি জনগণের জন্য ন্যায়বিচার ও তাদের অধিকার নিশ্চিত করা আঞ্চলিক নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য অপরিহার্য।

বাণিজ্য স্বাধীনতা, বাণিজ্যিক পথ রক্ষা এবং আন্তর্জাতিক করিডোরগুলোতে নিরবচ্ছিন্ন পরিবহনের আহ্বান জানান ইরাকি প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে জ্বালানি গ্রিড, রেলপথ, পরিবহন ও ডিজিটাল যোগাযোগ একীভূত করার পাশাপাশি ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা ও বাণিজ্য প্ল্যাটফর্ম জোরদার এবং শিল্পাঞ্চলগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর লক্ষ্যে ইরাকের একটি বিশেষ উদ্যোগের ঘোষণা দেন। তিনি জানান, এই উদ্যোগ নিরাপত্তা, স্থিতিশীলতা ও সমৃদ্ধি বাড়াবে এবং সংকট মোকাবিলায় সদস্যদেশগুলোর সক্ষমতা শক্তিশালী করবে।

আঞ্চলিক উত্তেজনা প্রশমনে পাকিস্তানের প্রচেষ্টার প্রশংসা করেন জাইদি এবং অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা অর্জনে ওআইসি সদস্যদেশগুলোকে তৎপরতা বাড়ানোর আহ্বান জানান। এই বৈঠকের মাধ্যমে তুরস্কের কাছ থেকে ওআইসির পর্যায়ক্রমিক সভাপতির দায়িত্ব গ্রহণ করেছে ইরাক।

‘সংলাপ ও সংহতি: শান্তি ও টেকসই উন্নয়ন প্রসারের দুই মৌলিক স্তম্ভ’ প্রতিপাদ্যে অনুষ্ঠিত এই সম্মেলনে গাজায় ইসরাইলের অব্যাহত হামলা এবং মুসলিম বিশ্বের অন্যান্য সংকটময় এলাকার নানা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হচ্ছে।

এএম