দাবানলের লেলিহান শিখায় পুড়ছে ইন্দোনেশিয়ার বন, বিপন্ন ওরাংওটানের আবাস। বিষাক্ত ধোঁয়ায় ভারী হচ্ছে আকাশ, হুমকিতে প্রাণ ও প্রকৃতি।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ ইন্দোনেশিয়া গত ১১ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ দাবানলের সঙ্গে লড়াই করছে। সুমাত্রা ও বোর্নিও দ্বীপে ছড়িয়ে পড়েছে এই দাবানল। এল নিনো আবহাওয়াজনিত কারণে আগুনের তীব্রতা আরও বাড়তে পারে এবং এই দাবানল নভেম্বর মাস পর্যন্ত অব্যাহত থাকতে পারে, সতর্ক করেছে দেশটির সরকার।
আরও পড়ুন:
ইন্দোনেশিয়া কর্তৃপক্ষ ও বন্যপ্রাণী সংরক্ষণ কর্মীরা দাবানল থেকে বাঁচাতে আটটি ওরাংওটানকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছেন। গত আগস্ট থেকে ক্ষতিগ্রস্ত ৪৬টি ওরাংওটানকে উদ্ধার করা হয়েছে।
বিশ্ব বন্যপ্রাণী তহবিল ডব্লিউডব্লিউএফ-এর তথ্য অনুযায়ী, ওরাংওটান অত্যন্ত বিপন্ন প্রজাতির প্রাণী। দক্ষিণ-পূর্ব এশিয়ার বোর্নিও ও সুমাত্রা দ্বীপের বনাঞ্চলেই এদের বেশি দেখা যায় এবং স্বীকৃত তিনটি প্রজাতির আবাসস্থলই ইন্দোনেশিয়া। বন উজাড়, দাবানল ও অবৈধ শিকারের কারণে দিনদিন এদের সংখ্যা কমছে।
চলতি বছরের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ইন্দোনেশিয়ায় দাবানলে প্রায় ২ লাখ ২ হাজার হেক্টর বনভূমি পুড়ে গেছে। বেসরকারি সংস্থাগুলোর ধারণা, এরপর থেকে দাবানলে আরও অন্তত ৬ লাখ হেক্টর বনভূমি পুড়ে গেছে।




