সরকার ব্যর্থ হলে ভোটের মাধ্যমেই জনগণ প্রমাণ দেবে: ডিএসসিসি প্রশাসক

প্রশাসক আব্দুস সালাম
প্রশাসক আব্দুস সালাম | ছবি: সংগৃহীত
0

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক মো. আবদুস সালাম বলেছেন, সরকার সফল না হলে পাঁচ বছর পর ভোটের মাধ্যমেই জনগণ তার প্রমাণ দেবে। আজ (বৃহস্পতিবার, ১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর রমনা কালীমন্দিরে বিদ্যানন্দের পাঁচ টাকায় পূজার বাজার উদ্বোধন করে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

এ সময় তিনি বলেন, ‘বর্তমান প্রধানমন্ত্রী একটি ভঙ্গুর অর্থনীতির দায়িত্ব নিয়েছেন। অর্থনৈতিক পরিস্থিতি স্থিতিশীল করতে সরকারকে সময় দেয়া প্রয়োজন। সরকার প্রত্যাশা পূরণে ব্যর্থ হলে পাঁচ বছর পর ভোটের মাধ্যমেই জনগণ তার জবাব দেবে।’

দেশে অস্থিরতা তৈরি হলে সবচেয়ে বেশি সমস্যায় পড়বেন নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষ এমন মন্তব্য করে তিনি বলেন, ‘সমাজের নিম্ন আয়ের ও ছিন্নমূল মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।’

পাশাপাশি ধর্মকে কেন্দ্র করে কেউ যেন অহেতুক রাজনীতি করতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলেও জানান প্রশাসক।

এদিকে বিদ্যানন্দের পাঁচ টাকায় পূজার বাজারে স্বল্পমূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে পেরে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। তাদের মতে, সীমিত আয়ের পরিবারগুলোর পূজার কেনাকাটায় এ উদ্যোগ সহায়তা করছে।

বিদ্যানন্দ জানায়, বিভিন্ন মহল্লায় জরিপের মাধ্যমে হতদরিদ্র পরিবারগুলোকে চিহ্নিত করে এই বাজারে তাদের বিশেষ অগ্রাধিকার দেয়া হয়েছে।

এফএস