রাজশাহীতে দুর্গাপূজার প্রতিমার সাজসজ্জায় ব্যস্ত মৃৎশিল্পীরা

দুর্গাপূজার প্রতিমা
দুর্গাপূজার প্রতিমা | ছবি: সংগৃহীত
0

সনাতন ধর্মালম্বীদের মাতৃত্ব ও শক্তির প্রতীক দেবী দুর্গাকে মর্ত্যে আহ্বান জানানোর মাধ্যমে শুরু হতে যাচ্ছে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। দিন যতই ঘনিয়ে আসছে, সনাতনীদের বাড়ি বাড়ি চলছে প্রধান ধর্মীয় শারদীয় দুর্গাপূজা পালনের উৎসব।

এ উৎসবকে ঘিরে রাজশাহী জেলাজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আজ সকালে নগরীর গণকপাড়ার ধর্মসভা মন্দিরে দেখা যায় মৃৎশিল্পীদের কর্মব্যস্ততা। এ বছর মহানগরীতে ৮৫ টিসহ জেলায় ৪৮৯ টি মণ্ডপে অনুষ্ঠিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা।

দুর্গাপূজা সুষ্ঠুভাবে উৎসবমুখর পরিবেশে পালন করতে প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে জোরালো প্রস্তুতি।

এদিকে সময় মতো প্রতিমা কাস্টমারদের দিতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। দিন-রাত পরিশ্রম করে প্রতিমায় দেওয়া হচ্ছে শেষ মুহূর্তের রং ও সাজসজ্জার কাজ। পাশাপাশি পূজামণ্ডপের সাজসজ্জা, আলোকসজ্জা ও অন্যান্য প্রস্তুতিও এগিয়ে চলছে পুরোদমে।

প্রতিমা তৈরির কাজ শেষ। এখন দেবীদুর্গাকে পরিপূর্ণ রূপ দিতে রং তুলির আঁচড়ে ব্যস্ত মৃৎশিল্পীরা। স্থানীয় শিল্পীদের পাশাপাশি বিভিন্ন স্থান থেকে আগত শিল্পীরা রং তুলির আঁচড়ে জানান দিচ্ছেন তাদের হাতের নৈপুণ্য। তবে সাজসজ্জার উপকরণের দাম বেশি হওয়ায় তাদের পারিশ্রমিক কম। একেকটি প্রতিমা ৩০ হাজার থেকে শুরু করে ৬০ হাজার টাকায় বিক্রি করা হচ্ছে বলেও জানান তারা।

জেআর