তামিলনাডুর চেন্নাইয়ে অবস্থিত শ্রী রামচন্দ্র ইনস্টিটিউট অব হায়ার এডুকেশন অ্যান্ড রিসার্চ এর মূল মিলনায়তনে ৯ অক্টোবর শুরু হওয়া তিন দিনব্যাপী এ বৈজ্ঞানিক সম্মেলনে বিশ্বের ২৭টি দেশ থেকে শ্রবণ ও যোগাযোগ স্বাস্থ্যখাতের গবেষক, চিকিৎসক ও বিশেষজ্ঞরা একত্রিত হন। সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তামিলনাডু সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সচিব ড. দারেজ আহমেদ।
বিশ্বমঞ্চে বাংলাদেশের প্র্যাকটিস ও বর্তমান বাস্তবতা তুলে ধরে এসএসএলটির দুই প্রতিনিধি এবং স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজ থেরাপি চিকিৎসক নার্গিস জাহান ও সাতিয়া মুনতাহা দুটি পৃথক ও গুরুত্বপূর্ণ গবেষণাপত্র উপস্থাপন করেন। তাদের গবেষণায় বাংলাদেশে শ্রবণপ্রতিবন্ধী শিশুদের অভিভাবকদের বিশ্বাস, দৃষ্টিভঙ্গি, সামাজিক সচেতনতা এবং বিশেষায়িত বিদ্যালয়গুলোর বিদ্যমান সেবা কাঠামোর চিত্র বৈজ্ঞানিকভাবে তুলে ধরা হয়।
সম্মেলনে অংশগ্রহণকারী এসএসএলটির অন্যান্য প্রতিনিধি ও সহযোগী গবেষক মো. ওয়াকিল আহাদ, মাসুমা সুরাইয়া, মো. রাকিব হোসেন এবং শাহরিয়ার হোসেন রিশাদ আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সঙ্গে ক্লিনিক্যাল অভিজ্ঞতা বিনিময় করেন এবং শ্রবণ স্বাস্থ্যের আধুনিক প্রযুক্তি ও বৈশ্বিক অগ্রগতির বিষয়ে ধারণা লাভ করেন।
প্রতিনিধি দলের সদস্যরা জানান, বিশ্বের ২৭টি দেশের অংশগ্রহণে অনুষ্ঠিত এই আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের সক্রিয় উপস্থিতি প্রমাণ করে যে দেশের গবেষক ও প্র্যাকটিশনাররা বৈশ্বিক বৈজ্ঞানিক ধারায় নিজেদের অবস্থান আরও শক্তিশালী করছেন। তাদের মতে, এ ধরনের আন্তর্জাতিক স্বীকৃতি ও অভিজ্ঞতা দেশের শ্রবণ ও যোগাযোগ স্বাস্থ্যসেবাকে বিশ্বমানের দিকে এগিয়ে নিতে এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের গবেষণায় উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এসএসএলটি আশা প্রকাশ করেছে যে, বিশ্বমানের গবেষণা চর্চা ও আন্তর্জাতিক পেশাগত সংযোগের মাধ্যমে বাংলাদেশে আধুনিক শ্রবণ স্বাস্থ্য ও পুনর্বাসন চিকিৎসা সেবার পরিধি ভবিষ্যতে আরও সুদৃঢ় ও বিস্তৃত হবে।





