‘রিয়াদ বিমানবন্দরে হামলায় এখন পর্যন্ত ১০ ফ্লাইট বাতিল, আটকা ৩৪৩১ যাত্রী’

বিমানমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত
বিমানমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত | ছবি: সংগৃহীত
0

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত জানিয়েছেন, সৌদি আরবের রিয়াদ বিমানবন্দরে হামলার ঘটনায় এখন পর্যন্ত ১০টি ফ্লাইট বাতিল হয়েছে এবং এতে ৩ হাজার ৪৩১ জন যাত্রী আটকে পড়েছেন। আটকে পড়া যাত্রীদের আর্থিক ক্ষতি এড়াতে ক্যানসেলেশন ফি ছাড়াই টিকিট পুনরায় ইস্যুর নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান মন্ত্রী।

আজ (সোমবার, ১২ অক্টোবর) সচিবালয়ে দেশি-বিদেশি এয়ারলাইন্সের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে এসব কথা জানান মন্ত্রী।

এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, ‘যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, তাদের বিশেষ ব্যবস্থায় মদিনা ও দাম্মাম বিমানবন্দরের ফ্লাইটের মাধ্যমে সৌদি আরব পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।’

তিনি বলেন, ‘আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।’

আরও পড়ুন:

উল্লেখ্য, গত শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা চালায় হুথি বিদ্রোহীরা। হামলার পর রিয়াদ বিমানবন্দরের সব কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত ঘোষণা করা হয়েছে।

স্থগিত রয়েছে সব ধরনের ফ্লাইট চলাচল। এতে বিপাকে পড়েছেন দেশের প্রবাসী ও ওমরার যাত্রীরা। ফেব্রুয়ারিতে ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর পর উপসাগরীয় কোনো আরব দেশে এটিই সবচেয়ে বড় প্রাণঘাতী হামলা।

হামলায় নিহত হয়েছেন অন্তত ১২ জন। নিহতদের মধ্যে দুইজন বাংলাদেশি নাগরিক ছাড়াও সৌদি আরব, মিশর, জর্ডান, ফিলিস্তিন, সুদান, সিরিয়া এবং যুক্তরাষ্ট্রের নাগরিক রয়েছেন। এছাড়া আহত হয়ছেন প্রায় ৩ শতাধিক মানুষ। যার মধ্যে কয়েকজন বাংলাদেশি ওমরা যাত্রীও আছেন।

এ হামলার জেরে রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের সব ধরনের ফ্লাইট পরিচালনা স্থগিত করা হয়েছে। মার্কিন দূতাবাসসহ বিশ্বের বিভিন্ন দেশ তার নাগরিকদের ওই এলাকা এড়িয়ে চলতে বলেছে। ফ্লাইটগুলো বাতিল করেছে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো।

এসএইচ