গত শনিবার (১০ অক্টোবর) সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালেদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় দুই বাংলাদেশিসহ বিভিন্ন দেশের ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া যায়।
হামলার পর নিরাপত্তাজনিত কারণে বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়। এতে ব্যাহত হয় আন্তর্জাতিক ফ্লাইট চলাচল। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ১২ অক্টোবর বাংলাদেশ সময় রাত ৩টা পর্যন্ত রিয়াদ বিমানবন্দর বন্ধ রাখার কথা জানানো হয়েছে।
এর প্রভাবে আজ (রোববার, ১১ অক্টোবর) বাংলাদেশ থেকে রিয়াদগামী ফ্লাইটগুলোও বাতিল করে সংশ্লিষ্ট এয়ারলাইনগুলো। এদিকে ফ্লাইট বাতিল হওয়া যাত্রীদের নতুন সময়সূচিতে গন্তব্যে পৌঁছানোর ব্যবস্থা করার কথা জানিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।
প্রতিষ্ঠানটির জনসংযোগ কর্মকর্তা কামরুল হাসান জানান, রিয়াদ বিমানবন্দর চালু হলে বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীদের পুনরায় সময়সূচি নির্ধারণ করে যাত্রার ব্যবস্থা করা হবে। যাদের ভিসার মেয়াদ শেষের দিকে, তাদের বিষয়েও সৌদি কর্তৃপক্ষের সহযোগিতা প্রত্যাশা করছে এয়ারলাইনটি।
এদিকে নিরাপত্তাজনিত কারণে জেদ্দা বিমানবন্দর থেকেও ফ্লাইট চলাচল ব্যাহত হওয়ায় ঢাকাগামী বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ছাড়তে পারেনি। এতে সেখানেও আটকা পড়েছেন যাত্রীরা।





